পররাষ্ট্রনীতিতে জাতীয় স্বার্থ ও কৌশলগত ভারসাম্য জরুরি: আ ন ম মুনিরুজ্জামান
বাংলাদেশ ইনস্টিটিউট অব পিস অ্যান্ড সিকিউরিটি স্টাডিজের (বিআইপিএসএস) প্রেসিডেন্ট মেজর জেনারেল (অব.) আ ন ম মুনিরুজ্জামান বলেন, বাংলাদেশের পররাষ্ট্রনীতি বাস্তবধর্মী, ভারসাম্যপূর্ণ ও উন্নয়নমুখী হতে হবে। বিশ্ব এখন ভূরাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা, অর্থনৈতিক অনিশ্চয়তা, জলবায়ু–সংকট ও প্রযুক্তিগত রূপান্তরের মধ্য দিয়ে যাচ্ছে। এ বাস্তবতায় নতুন সরকারের পররাষ্ট্রনীতিতে জাতীয় স্বার্থ ও কৌশলগত পরিকল্পনাকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে।
‘বাংলাদেশ ফার্স্ট: এ ফরেন পলিসি আউটলুক ফর এ নিউ বাংলাদেশ’ শীর্ষক নীতি আলোচনায় উদ্বোধনী বক্তব্যে এসব কথা আ ন ম মুনিরুজ্জামান। আজ শনিবার বেলা তিনটায় রাজধানীর গুলশানের একটি হোটেলে এই আলোচনার আয়োজন করেন শান্তি ও নিরাপত্তাবিষয়ক গবেষণাপ্রতিষ্ঠান বাংলাদেশ ইনস্টিটিউট অব পিস অ্যান্ড সিকিউরিটি স্টাডিজ (বিআইপিএসএস)। অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির।
স্বল্পোন্নত দেশের (এলডিসি) তালিকা থেকে বাংলাদেশের উত্তরণের প্রেক্ষাপটে অর্থনৈতিক কূটনীতিকে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে বলে উল্লেখ করেন আ ন ম মুনিরুজ্জামান। একই সঙ্গে বিশ্বের প্রধান শক্তিগুলোর সঙ্গে ভারসাম্যপূর্ণ সম্পর্ক বজায় রাখার ওপরও গুরুত্বারোপ করেন তিনি।
আ ন ম মুনিরুজ্জামান বলেন, বাংলাদেশের উচিত সব বড় শক্তির সঙ্গে গঠনমূলক সম্পর্ক ধরে রাখা এবং কৌশলগত ভারসাম্য বজায় রাখা।
বক্তব্যে আঞ্চলিক সহযোগিতা জোরদারের প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন আ ন ম মুনিরুজ্জামান। তিনি বলেন, দক্ষিণ এশিয়ায় আঞ্চলিক গুরুত্ব দুর্বল হয়ে পড়েছে এবং এ অঞ্চল বিশ্বে সবচেয়ে কম সংযুক্ত অঞ্চলের একটি। সে জন্য আঞ্চলিক সংগঠনগুলোকে পুনরুজ্জীবিত করার উদ্যোগ নিতে হবে।
রোহিঙ্গা সংকটকে সরকারের অন্যতম প্রধান অগ্রাধিকার উল্লেখ করে এই নিরাপত্তা বিশ্লেষক বলেন, রোহিঙ্গাদের সম্মান, নিরাপত্তা ও মর্যাদা নিশ্চিত করে নিজ দেশে প্রত্যাবাসনে সরকারকে কঠোর ও উদ্ভাবনী কৌশল নিয়ে কাজ করতে হবে।
আ ন ম মুনিরুজ্জামান বলেন, জলবায়ু পরিবর্তনের ঝুঁকিতে থাকা দেশ হিসেবে বাংলাদেশকে এ বিষয়ে আন্তর্জাতিক পরিসরে আরও সক্রিয় ভূমিকা পালন করতে হবে। এ ছাড়া বঙ্গোপসাগরকেন্দ্রিক সামুদ্রিক নিরাপত্তাকে বাংলাদেশের কৌশলগত স্বার্থের অংশ হিসেবে উল্লেখ করেন বিআইপিএসএস প্রেসিডেন্ট। একই সঙ্গে জনকূটনীতি ও ‘সফট পাওয়ার’ ব্যবহারের ক্ষেত্রেও বাংলাদেশের সম্ভাবনার কথা তুলে ধরেন তিনি।
আ ন ম মুনিরুজ্জামান বলেন, বিশ্ব দ্রুত পরিবর্তিত হচ্ছে এবং বাংলাদেশকে আত্মবিশ্বাস, প্রজ্ঞা ও ঐক্যের মাধ্যমে সেই পরিবর্তনের সঙ্গে খাপ খাইয়ে নিতে হবে। কার্যকর নেতৃত্ব ও সুপরিকল্পিত কূটনীতির মাধ্যমে পররাষ্ট্রনীতি জাতীয় সমৃদ্ধি, নিরাপত্তা ও বৈশ্বিক মর্যাদা অর্জনের শক্তিশালী হাতিয়ার হতে পারে বলেও মন্তব্য করেন তিনি।
অনুষ্ঠানে বাংলাদেশে নিযুক্ত বিভিন্ন দেশের কূটনৈতিক ও দেশের নাগরিক সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে ধন্যবাদ জ্ঞাপন করেন বিআইপিএসএসের সিনিয়র রিসার্চ ফেলো শাফকাত মুনির।