২ কোটি টাকার সোনা চোরাচালান, এক ব্যক্তির ১০ বছরের কারাদণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রতীকী ছবি

চট্টগ্রামে দুই কোটি টাকার সোনা চোরাচালানের মামলায় খায়রুল বাশার নামের এক ব্যক্তিকে ১০ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। আজ সোমবার চট্টগ্রাম মহানগর দায়রা জজ জেবুন নেসা বেগম এ রায় দেন।

চট্টগ্রাম মহানগর দায়রা জজ আদালতের সরকারি কৌঁসুলি আবদুর রশীদ প্রথম আলোকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, আদালত আসামিকে ১০ বছরের সশ্রম কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও তিন মাসের কারাদণ্ড দেন। রায় ঘোষণার সময় আসামি আদালতে হাজির ছিলেন। পরে আদালতের নির্দেশে তাঁকে কারাগারে পাঠিয়ে দেওয়া হয়।

আদালত সূত্র জানায়, ২০১৮ সালের ১৮ ডিসেম্বর রাত ১০টার দিকে মধ্যপ্রাচ্য থেকে একটি ফ্লাইটে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে আসেন খায়রুল বাশার। এ সময় বিমানবন্দর কাস্টমসের কর্মকর্তারা তাঁর ব্যাগ থেকে দুই কেজি স্বর্ণের বার উদ্ধার করেন। এ ঘটনায় বিমানবন্দরের কাস্টমসের তৎকালীন সহরাজস্ব কর্মকর্তা রাজীব কুমার বিশ্বাস বিশেষ ক্ষমতা আইনে পতেঙ্গা থানায় মামলা করেন। তদন্ত কর্মকর্তা ২০১৯ সালের ১১ মার্চ আসামির বিরুদ্ধে অভিযোগপত্র দেন। একই বছর ২৯ আগস্ট আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়। আটজন সাক্ষীর সাক্ষ্য শেষে আদালত এই রায় দেন।