নানক-তাপসসহ ২৮ আসামির বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠন

জাহাঙ্গীর কবির নানক ও শেখ ফজলে নূর তাপসফাইল ছবি

জুলাই গণ-অভ্যুত্থানের সময় রাজধানীর ধানমন্ডি ও মোহাম্মদপুর এলাকায় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের একটি মামলায় সাবেক মন্ত্রী জাহাঙ্গীর কবির নানক, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক মেয়র শেখ ফজলে নূর তাপসসহ ২৮ আসামির বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠন করা হয়েছে। আগামী ৮ জুন এই মামলায় সূচনা বক্তব্য উপস্থাপন ও সাক্ষ্যগ্রহণের জন্য তারিখ ধার্য করা হয়েছে।

বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনাল-১ আজ রোববার এই আনুষ্ঠানিক অভিযোগ গঠন করেন। ট্রাইব্যুনালের অপর দুই সদস্য হলেন বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ ও বিচারক মো. মোহিতুল হক এনাম চৌধুরী।

মামলার ২৮ আসামির মধ্যে নানক, তাপসসহ ২৪ জন পলাতক। গ্রেপ্তার আছেন নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের নেতা নাইমুর রহমানসহ চারজন। তাঁদের আজ ট্রাইব্যুনালে হাজির করা হয়।

আনুষ্ঠানিক অভিযোগ গঠনের আদেশ পাঠ করেন বিচারক মোহিতুল হক এনাম চৌধুরী। তিনি বলেন, এই মামলার ২৮ আসামির অব্যাহতির যে আবেদন করা হয়েছিল, তা খারিজ করা হলো। পাশাপাশি এই আসামিদের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠন করা হলো।

মামলার আসামিদের বিরুদ্ধে জুলাই গণ-অভ্যুত্থানের সময় রাজধানীর ধানমন্ডি ও মোহাম্মদপুর এলাকায় হত্যাসহ তিনটি অভিযোগ তুলে ধরেন বিচারক মোহিতুল হক এনাম চৌধুরী।

এজলাসের কাঠগড়ায় থাকা এই মামলার চার আসামির কাছে বিচারক মোহিতুল হক এনাম চৌধুরী প্রশ্ন করেন, তাঁরা অভিযোগ স্বীকার করেন কি না। এর জবাবে গ্রেপ্তার চার আসামি বলেন, তাঁরা নির্দোষ। তাঁরা ন্যায়বিচার চান।