রাখাইনের বুথিডংয়ে রোহিঙ্গা বাস্তুচ্যুত হওয়ার ঘটনায় ফলকার টুর্কের উদ্বেগ
মিয়ানমারের রাখাইন রাজ্যের বুথিডং শহর থেকে কয়েক হাজার রোহিঙ্গা বাস্তুচ্যুত হওয়ার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনার ফলকার টুর্ক। সেখানে অবিলম্বে সংঘাত বন্ধের জন্য মিয়ানমারের সামরিক বাহিনী ও আরাকান আর্মিকে (এএ) অনুরোধ জানিয়েছেন তিনি।
আজ রোববার সুইজারল্যান্ডের জেনেভা থেকে প্রকাশিত এক বিবৃতিতে এ অনুরোধ জানান ফলকার টুর্ক। তিনি বলেন, ‘মিয়ানমারের রাখাইন রাজ্যের উত্তরাঞ্চলে বুথিডং শহরে নতুন করে সহিংসতা ও সম্পত্তি ধ্বংসের ফলে কয়েক হাজার বেসামরিক নাগরিক—প্রধানত রোহিঙ্গাদের বাস্তুচ্যুত হওয়ার খবরে আমি গভীরভাবে উদ্বিগ্ন।’
জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনার বলেন, ‘আমি সরাসরি মিয়ানমারের সামরিক বাহিনী এবং আরাকান আর্মির কাছে সংঘাত বন্ধের আহ্বান জানাচ্ছি। পাশাপাশি বেসামরিক লোকজনের সুরক্ষা, অবিলম্বে নিরবচ্ছিন্নভাবে মানবিক সহায়তার অনুমতি দেওয়া এবং আন্তর্জাতিক আইনের সঙ্গে সংগতিপূর্ণ বিধান নিঃশর্তভাবে মেনে চলার জন্য আহ্বান জানাচ্ছি।’
রাখাইনের সাম্প্রতিক পরিস্থিতি বিবেচনায় নিয়ে ফলকার টুর্ক বলেন, ‘নিরাপত্তার ঝুঁকিতে থাকা এসব লোকজনের সুরক্ষার জন্য বাংলাদেশের প্রতি আমি আহ্বান জানাচ্ছি। একই সঙ্গে তাদের জন্য প্রয়োজনীয় সব ধরনের সহায়তা নিশ্চিত করতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আবেদন জানাচ্ছি আমি।’