দেশে নারীদের বিজ্ঞানী হওয়ায়, বিজ্ঞানচর্চায় বাধা নেই। তহবিল ও প্রযুক্তি নারীর বিজ্ঞানচর্চার সুযোগ বাড়িয়ে দিয়েছে। বিজ্ঞানী ও গবেষক হওয়ার জন্য ইচ্ছাটাই আসল।
আজ শুক্রবার বাংলা একাডেমিতে অনুষ্ঠিত ঢাকা লিট ফেস্টের দ্বিতীয় দিনে ‘ইন মেরি কুরিস ফুট স্টেপস’ শীর্ষক অধিবেশনে দেশি ও বিদেশি বিজ্ঞানীরা এ কথা বলেন। আবদুল করিম সাহিত্যবিশারদ মিলনায়তনে এ সমান্তরাল অধিবেশনের আয়োজন করা হয়।
এই অধিবেশনে দর্শক-শ্রোতাদের অন্যতম আকর্ষণ ছিল অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকা টিকার উদ্ভাবকদের অন্যতম টিকাবিজ্ঞানী অধ্যাপক সারা গিলবার্ট। নিজের বিজ্ঞানী হয়ে ওঠার গল্প শোনানোর পর সারা গিলবার্ট বলেন, বিজ্ঞানী হয়ে ওঠার জন্য সবচেয়ে দরকার ইচ্ছা। এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, করোনা ভাইরাসের সব ধরন বা উপধরনের বিরুদ্ধে প্রতিরোধ একটি টিকার মাধ্যমে হওয়ার ব্যাপারে তিনি তেমন আশাবাদী নন।
যুক্তরাষ্ট্রে পদার্থবিদ্যায় উচ্চতর ডিগ্রি নেওয়ার পর দেশের টানে দেশে ফিরে সিলেট বিশ্ববিদ্যালয়ে কাজ শুরু করেছিলেন অধ্যাপক ইয়াসমিন হক। নতুন বিভাগ খোলা, গবেষণা, যুক্তরাষ্ট্র থেকে শিক্ষার্থীদের জন্য বই নিয়ে আশার কাহিনি শোনান তিনি। ইয়াসমিন হক বলেন, প্রযুক্তি গবেষণার কাজকে অনেক সহজ করেছে। অন্যদিকে এখন গবেষণার জন্য অর্থের সমস্যা অনেকটাই কমে গেছে।
এখন বিজ্ঞান গবেষণায় নানা ধরনের বৃত্তি ও তহবিল বেড়েছে বলে মন্তব্য করেন দেশের বিশিষ্ট প্রাণরসায়ন ও জিনতত্ত্ববিদ হাসিনা খান। তিনি বলেন, কিছু পরিবারের পক্ষ থেকে নারীর বিজ্ঞানী হওয়ার ব্যাপারে কিছু বাধা থাকতে পারে। কিন্তু পরিস্থিতি পাল্টে যাচ্ছে। যেসব মেয়েরা আসছেন, তাঁরা ভালো করছেন। ব্যবস্থাপনার ক্ষেত্রে মেয়েরাই সেরা। অধিবেশনটি সঞ্চালন করেন তরুণ অণুজীববিজ্ঞানী সেঁজুতি সাহা।