কুমিল্লায় ট্রেন দুর্ঘটনার দায় চালকের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কুমিল্লার নাঙ্গলকোটের হাসানপুর স্টেশনে দুর্ঘটনার পর শুরু হয় দুটি ট্রেনের বগি ও ইঞ্জিন উদ্ধারের কাজ
ফাইল ছবি

কুমিল্লার নাঙ্গলকোটের হাসানপুর স্টেশনে দাঁড়িয়ে থাকা পণ্যবাহী ট্রেনকে পেছন থেকে যাত্রীবাহী সোনার বাংলা এক্সপ্রেস ট্রেনের ধাক্কা দেওয়ার ঘটনায় প্রতিবেদন জমা দিয়েছে তদন্ত কমিটি।

প্রতিবেদনে এ দুর্ঘটনার জন্য যাত্রীবাহী ট্রেনটির চালক, সহকারী চালক ও পরিচালককে (গার্ড) দায়ী করা হয়েছে।

আজ বুধবার বিকেলে তদন্ত কমিটি বিভাগীয় রেলওয়ে ব্যবস্থাপক মো. আবিদুর রহমানের কাছে প্রতিবেদন জমা দিয়েছে। প্রতিবেদনে কী আছে, সে বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি তিনি ও তদন্ত কমিটির প্রধান তারেক মুহাম্মদ ইমরান।

গত ১৬ এপ্রিল সন্ধ্যায় নাঙ্গলকোটের হাসানপুর স্টেশনে দাঁড়িয়ে থাকা একটি পণ্যবাহী ট্রেনকে পেছন থেকে ধাক্কা দেয় চট্টগ্রাম থেকে ঢাকামুখী সোনার বাংলা এক্সপ্রেস। দুর্ঘটনায় ট্রেনটির অন্তত ৫০ জন যাত্রী আহত হন।

তবে কমিটির দুই সদস্য নাম প্রকাশ না করার শর্তে প্রথম আলোকে বলেন, দুর্ঘটনার জন্য দায়ী যাত্রীবাহী ট্রেনটির চালক, সহকারী চালক ও পরিচালক (গার্ড)। ট্রেন থামার সংকেত থাকলেও তা অমান্য করে ট্রেন চালানোর কারণে এ দুর্ঘটনা ঘটেছে।

দুর্ঘটনার পরপরই রেলওয়ের বিভাগীয় পরিবহন কর্মকর্তা তারেক মুহাম্মদ ইমরানকে প্রধান করে চার সদস্যের তদন্ত কমিটি গঠন করে রেলওয়ে। আর দায়িত্বে গাফিলতির কারণে ঘটনার পরদিন ট্রেনচালক (লোকোমাস্টার) মো. জসিম উদ্দিন, সহকারী চালক মো. মহসীন, গার্ড আবদুল কাদের ও সিগন্যাল মেইনটেইনার আবদুল ওয়াহেদকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়। তবে তদন্তে দুর্ঘটনার জন্য আবদুল ওয়াহেদের দায়িত্বে অবহেলার প্রমাণ পাওয়া যায়নি বলে জানান কমিটির একজন সদস্য।

কুমিল্লায় দাঁড়িয়ে থাকা মালবাহী ট্রেনকে ধাক্কা দেয় যাত্রীবাহী ‘সোনার বাংলা এক্সপ্রেস’ ট্রেন। এতে যাত্রীবাহী ট্রেনটি দুমড়েমুচড়ে যায়। নাঙ্গলকোটের হাসানপুর স্টেশনে
ফাইল ‌ছবি

গত ১৬ এপ্রিল সন্ধ্যায় নাঙ্গলকোটের হাসানপুর স্টেশনে দাঁড়িয়ে থাকা একটি পণ্যবাহী ট্রেনকে পেছন থেকে ধাক্কা দেয় চট্টগ্রাম থেকে ঢাকামুখী সোনার বাংলা এক্সপ্রেস। এতে সোনার বাংলা ট্রেনের সাতটি বগি ও ইঞ্জিন এবং পণ্যবাহী ট্রেনের দুটি কনটেইনার ও গার্ডরুম ক্ষতিগ্রস্ত হয়। এ ছাড়া ট্রেনের বগি দুমড়েমুচড়ে পাশের জমিতে পড়ে। ক্ষতিগ্রস্ত হয় রেললাইনও। দুর্ঘটনায় ট্রেনের অন্তত ৫০ জন যাত্রী আহত হন।

তদন্ত কমিটির প্রধান তারেক মুহাম্মদ ইমরান প্রথম আলোকে বলেন, তিনি বুধবার বিকেলে তদন্ত প্রতিবেদন রেলওয়ে বিভাগীয় ব্যবস্থাপক মো. আবিদুর রহমানের কাছে জমা দিয়েছেন। প্রতিবেদনে দুর্ঘটনার জন্য কারা দায়ী, কারণ, পর্যবেক্ষণ ও সুপারিশ উল্লেখ করেছেন।

প্রতিবেদন পাওয়ার বিষয়টি নিশ্চিত করলেও মো. আবিদুর রহমান বিকেলে প্রথম আলোকে বলেন, অফিস শেষ হওয়ার আগমুহূর্তে তদন্ত প্রতিবেদন হাতে পেয়েছেন। এটি রেলওয়ে পূর্বাঞ্চলের মহাব্যবস্থাপকের কাছে জমা দেওয়া হবে। প্রতিবেদনে কী আছে, তা তিনি জানেন না।

আরও পড়ুন

এদিকে দুর্ঘটনাটি নিয়ে রেলওয়ের একটি তাৎক্ষণিক প্রতিবেদনে বলা হয়েছিল, হাসানপুর স্টেশনের প্যানেল বোর্ড রোববার সন্ধ্যা ৬টা ২০ মিনিটে (দুর্ঘটনার দিন) অকার্যকর হয়ে পড়ে। এর দুই মিনিট আগে চট্টগ্রাম থেকে একটি পণ্যবাহী ট্রেন স্টেশনটিতে প্রবেশ করে। সেটি স্টেশনের লুপ লাইনে রাখা হয়। প্যানেল বোর্ড অকার্যকর থাকায় সোনার বাংলা এক্সপ্রেস স্টেশন দিয়ে যাওয়ার কথা নয়। কিন্তু সন্ধ্যা ৬টা ৪০ মিনিটে ট্রেনটি সংকেত অমান্য করে স্টেশনে ঢুকে পণ্যবাহী ট্রেনকে পেছন থেকে ধাক্কা দেয়।

আরও পড়ুন