ঢাবির সূর্য সেন হলে ছাত্রলীগের দুই পক্ষে উত্তেজনা, হাতাহাতি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাস্টারদা সূর্য সেন হলছবি: সংগৃহীত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) মাস্টারদা সূর্য সেন হলের তিনটি কক্ষে কর্মী ওঠানো নিয়ে বিরোধে ছাত্রলীগের দুই পক্ষের মধ্যে হাতাহাতি হয়েছে।

গতকাল শনিবার বিকেলে হলের ২২৮, ২৩৭ ও ২৪৮ নম্বর কক্ষে কর্মী ওঠানো নিয়ে ছাত্রলীগের দুই পক্ষের মধ্যে প্রথমে উত্তেজনা দেখা দেয়। পরে ঘটনাটি হাতাহাতি পর্যন্ত গড়ায়।

ঢাবি শাখা ছাত্রলীগের সভাপতি মাজহারুল কবির ও সাধারণ সম্পাদক তানভীর হাসানের অনুসারী দুটি পক্ষ গতকাল এই বিরোধে জড়িয়েছিল। একপর্যায়ে মাজহারুলের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়।

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রদের ১৩টি আবাসিক হলের কোনোটিতে বর্তমানে প্রশাসনের নিয়ন্ত্রণ নেই। হলগুলোর কোন কক্ষে কে থাকবেন, তা ঠিক করেন ক্ষমতাসীন আওয়ামী লীগের ভ্রাতৃপ্রতিম সংগঠন ছাত্রলীগের নেতা-কর্মীরা।

সূর্য সেন হলের বেশ কয়েকজন শিক্ষার্থীর সঙ্গে কথা বলে জানা যায়, গতকাল বিকেল চারটার দিকে মাজহারুলের অনুসারী পক্ষটি হলের ২২৮, ২৩৭ ও ২৪৮ নম্বর কক্ষে নতুন করে মোট সাতজনকে ওঠায়। বিষয়টি জানতে পেরে তানভীরের অনুসারীরা তৎপর হয়ে ওঠে। তারা কক্ষগুলো থেকে মাজহারুলের অনুসারীদের বের করে দিতে যায়। এ সময় মাজহারুলের এক অনুসারী তানভীরের এক অনুসারীর গলা চেপে ধরার চেষ্টা করেন। এ নিয়ে দুই পক্ষের নেতা-কর্মীরা হাতাহাতিতে জড়িয়ে পড়েন।

মাজহারুল সূর্য সেন হলেই থাকেন। খবর পেয়ে তিনি ঘটনাস্থলে যান। দুই পক্ষকে শান্ত করেন। পরে তিনি কক্ষ তিনটি থেকে নিজের পক্ষের কর্মীদের বের করে নেন।
ঘটনার বিষয়ে জানতে চাইলে মাজহারুল প্রথম আলোকে বলেন, ‘দুই পক্ষের মধ্যে ভুল–বোঝাবুঝি থেকে উত্তেজনা তৈরি হয়েছিল। আমি সেখানে গিয়ে বিষয়টি সমাধান করে দিয়েছি।’

তানভীর প্রথম আলোকে বলেন, হল প্রশাসন প্রথম বর্ষের শিক্ষার্থীদের আবাসনের ব্যবস্থা করতে পারে না। তাই মানবিকতার জায়গা থেকে তাঁদের আবাসনের ব্যবস্থা করে থাকে ছাত্রলীগ। সেই ব্যবস্থা করতে গিয়েই হয়তো সূর্য সেন হলে একটু উত্তেজনা তৈরি হয়েছিল।