আগের মতো ১ নভেম্বর জাতীয় যুব দিবস উদ্‌যাপন করা হবে, মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত

সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক হয়। ১৬ জুলাইছবি: পিআইডি

আগের মতো প্রতিবছর ১ নভেম্বর জাতীয় যুব দিবস উদ্‌যাপন করা হবে। আজ বৃহস্পতিবার সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এ–সংক্রান্ত প্রস্তাব অনুমোদন করা হয়।

পরে মন্ত্রিপরিষদ বিভাগের সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে প্রতিবছর ১ নভেম্বর ‘জাতীয় যুব দিবস’ এবং ১২ আগস্ট ‘আন্তর্জাতিক যুব দিবস’ উদ্‌যাপন করা হতো। অন্তর্বর্তী সরকারের সময় উপদেষ্টা পরিষদের বৈঠকে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস একত্রে একই তারিখে অর্থাৎ ১২ আগস্ট উদ্‌যাপন করার সিদ্ধান্ত হয়েছিল। ২০২৫ সালে উভয় দিবস একত্রে উদ্‌যাপনের সময়টি বর্ষাকালে পড়ায় বৃষ্টির কারণে যুব র‍্যালি, যুব সমাবেশ এবং যুব মেলা সফলভাবে করা সম্ভব হয়নি। এতে যুব উদ্যোক্তারা তাদের উৎপাদিত পণ্য প্রদর্শন ও বিক্রয় করতে অসুবিধার সম্মুখীন হন।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, জাতীয় যুব দিবস ছাড়া অন্য সময়ে যুব মেলার আয়োজন করা হলে কাঙ্ক্ষিত জনসম্পৃক্ততা ও বাণিজ্যিক সাফল্য অর্জিত হয় না। জাতীয় যুব দিবস সরকারি অর্থায়নে উদ্‌যাপিত হলেও আন্তর্জাতিক যুব দিবস সাধারণত সরকারি, বেসরকারি সংস্থা এবং উন্নয়ন সহযোগীদের সহযোগিতায় পালিত হয়ে থাকে। এ অবস্থায় মন্ত্রিসভা জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস ১২ আগস্ট একত্রে উদ্‌যাপনের পরিবর্তে পৃথকভাবে ১২ আগস্ট আন্তর্জাতিক যুব দিবস এবং ১ নভেম্বর জাতীয় যুব দিবস উদ্‌যাপনের প্রস্তাব অনুমোদন করেছে।