ট্রাকচালক হোসেন হত্যা মামলায় অভিযোগ গঠনের শুনানি আজ, আসামি পলককে হাজির
জুলাই গণ–অভ্যুত্থানকালে রাজধানীর মোহাম্মদপুরে ট্রাকচালক মো. হোসেনকে গুলি করে হত্যার অভিযোগে করা মামলায় অভিযোগ গঠন বিষয়ে শুনানির জন্য আজ বৃহস্পতিবার দিন ধার্য রয়েছে। এ জন্য মামলার আসামি কারাবন্দী সাবেক প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলককে আদালতে হাজির করা হয়েছে।
আজ সকাল সাড়ে ৯টার দিকে পলককে প্রিজনভ্যানে আদালত প্রাঙ্গণে আনা হয়। পরে তাঁকে আদালতের হাজতখানায় নেওয়া হয়।
আদালত সূত্রে জানা গেছে, ঢাকার বিশেষ জজ আদালত-৪–এ আজ এই মামলার অভিযোগ গঠন বিষয়ে শুনানি হওয়ার কথা।
ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, পলকসহ ৩৪ জন এই মামলার অভিযোগপত্রভুক্ত আসামি ৩৪ জন। আসামিদের মধ্যে পলকসহ চারজন কারাগারে আছেন।
২০২৪ সালের ১৯ জুলাই ঢাকার মোহাম্মদপুরে মালবাহী ট্রাকের চালক হোসেন গুলিবিদ্ধ হয়ে মারা যান। আহত হন সাজ্জাদ ও শাহিন নামের দুই ব্যক্তি।
হোসেনের মৃত্যুর ঘটনায় ২০২৪ সালের ৩১ আগস্ট শেখ হাসিনাসহ ১৬ জনকে আসামি করে মামলা হয়। তদন্ত শেষে গত বছরের ২৩ নভেম্বর মামলার তদন্তকারী কর্মকর্তা ও মোহাম্মদপুর থানার উপপরিদর্শক (এসআই) মো. আকরামুজ্জামান আদালতে অভিযোগপত্র দেন। অভিযোগপত্রে ৩৪ জনকে আসামি করা হয়।
অন্য আসামিদের মধ্যে আছেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সড়ক পরিবহনমন্ত্রী ওবায়দুল কাদের, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ, সাবেক মন্ত্রী জাহাঙ্গীর কবির নানক, সাবেক সংসদ সদস্য সাদেক খান, নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান।