জেমকন গ্রুপের কাজী ইনাম আহমেদের ১০ ব্যাংক হিসাব অবরুদ্ধ
জেমকন গ্রুপের পরিচালক কাজী ইনাম আহমেদের ১০টি ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ দিয়েছেন আদালত। জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে সংগতিহীন সম্পদ অর্জন এবং বিভিন্ন ব্যাংক হিসাবের মাধ্যমে ‘অস্বাভাবিক ও সন্দেহজনক’ লেনদেনের অভিযোগে দুদকের করা এক মামলায় এ আদেশ দেওয়া হয়েছে।
মামলার তদন্তকারী কর্মকর্তা দুর্নীতি দমন কমিশনের (দুদক) সহকারী পরিচালক এ কে এম মর্তুজা আলী সাগরের আবেদনের পরিপ্রেক্ষিতে আজ বুধবার ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ সাব্বির ফয়েজ এ আদেশ দেন।
সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী মো. রিয়াজ হোসেন এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
আবেদনে বলা হয়, কাজী ইনাম আহমেদের বিরুদ্ধে অবৈধ উপায়ে জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে সংগতিবিহীন ৩২ কোটি ৬৬ লাখ ১৬ হাজার ২৪৪ টাকার সম্পদ অর্জন করে, তা দখলে রাখার অভিযোগ রয়েছে। পাশাপাশি তাঁর নামে বিভিন্ন ব্যাংকে পরিচালিত ১৪টি হিসাবে ৭৪ কোটি ৭৮ লাখ ৭৮ হাজার ১২৭ টাকার ‘অস্বাভাবিক ও সন্দেহজনক’ লেনদেনের মাধ্যমে অর্থ হস্তান্তর, স্থানান্তর ও রূপান্তরের অভিযোগ রয়েছে। এসব অভিযোগে দুর্নীতি দমন কমিশন আইনের একটি ধারা এবং মানি লন্ডারিং প্রতিরোধ আইনের আরেকটি ধারায় মামলাটি করা হয়েছে।
আবেদনে আরও বলা হয়েছে, বর্তমানে মামলাটি তদন্তাধীন। তদন্তকালে আসামি কাজী ইনাম আহমেদ তাঁর নামে থাকা অস্থাবর সম্পত্তি হস্তান্তর করে কিংবা অন্য কোনো উপায়ে মালিকানা পরিবর্তন করে বিদেশে পালিয়ে যাওয়ার চেষ্টা করছেন বলে বিশ্বস্ত সূত্রে জানা যায়। তিনি বিদেশে পালিয়ে গেলে তদন্ত কার্যক্রম দীর্ঘায়িত বা ব্যাহত হতে পারে। তাই মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে আসামির অস্থাবর সম্পদ অবরুদ্ধ করা প্রয়োজন।
এর আগে দুর্নীতির অভিযোগে করা মামলা তদন্তাধীন থাকায় কাজী ইনাম আহমেদের দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছিলেন আদালত।