সেচ মৌসুমে বিদ্যুতের চাহিদা ১৮০০ মেগাওয়াট বেড়েছে
আগামী জানুয়ারিতে শুরু হয়ে এপ্রিল পর্যন্ত থাকবে সেচ মৌসুম। গত বছরের তুলনায় এবার সেচ মৌসুমে বিদ্যুতের চাহিদা বাড়ছে ১ হাজার ৮০০ মেগাওয়াট। বাড়তি বিদ্যুৎ উৎপাদনের জন্য সব ধরনের জ্বালানি মজুতের কথা বলেছে বিদ্যুৎ বিভাগ। চাহিদা অনুসারে ফার্নেস ও ডিজেল সরবরাহ করা যাবে বলে জানিয়েছে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ।
সেচে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে আজ বৃহস্পতিবার রাজধানীর বিদ্যুৎ ভবনে অনুষ্ঠিত আন্তমন্ত্রণালয় পর্যালোচনা সভায় এসব তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, গত সেচ মৌসুমে গ্রীষ্মের বাড়তি চাহিদা মিলে এপ্রিলে সর্বোচ্চ বিদ্যুতের চাহিদা ছিল ১৬ হাজার মেগাওয়াট। এবার সব মিলে এটি ১৭ হাজার ৮০০ মেগাওয়াট হতে পারে। তাই গ্যাস, ফার্নেস ও ডিজেলের সরবরাহ বাড়ানো প্রয়োজন হবে।
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এমন তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, দেশে বর্তমানে সেচ সংযোগ আছে ৪ লাখ ৮৭ হাজার ৮৫১টি। এ ছাড়া ৯ হাজার ৪৩২টি নতুন সেচ সংযোগের আবেদন করা আছে। শুধু সেচের জন্য জানুয়ারিতে ৩৪৭ মেগাওয়াট, ফেব্রুয়ারিতে ৮৬৫ মেগাওয়াট, মার্চে ১ হাজার ৯৪৯ মেগাওয়াট ও এপ্রিলে ২ হাজার ৫৯০ মেগাওয়াট বিদ্যুৎ প্রয়োজন হবে।
সেচ মৌসুমে বিদ্যুৎ উৎপাদন খাতে দিনে গ্যাসের চাহিদা ১৫৪ থেকে ১৭৬ কোটি ঘনফুট হতে পারে। বিদ্যুৎকেন্দ্রে ফার্নেস তেল লাগবে ১ লাখ ৫৪ হাজার ৯৫০ টন, ডিজেল লাগবে ১৫ হাজার ৬০০ টন। দুই মাস বিদ্যুৎ উৎপাদন করার মতো জ্বালানি তেলের মজুত রাখতে হবে বিদ্যুৎকেন্দ্রে। বিদ্যুৎ খাতের সঞ্চালন ও বিতরণের প্রয়োজনীয় রক্ষণাবেক্ষণ কাজ শেষ করতে হবে। একটি তদারকি কমিটি কাজ করবে এ সময়।
সভায় বিদ্যুৎ বিভাগের জ্যেষ্ঠ সচিব মো. হাবিবুর রহমান, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সচিব মো. নুরুল আলম, পিডিবির চেয়ারম্যান মাহবুবুর রহমান, পেট্রোবাংলার চেয়ারম্যান জনেন্দ্র নাথ সরকার, নৌপরিবহন মন্ত্রণালয়, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ, রেলপথ মন্ত্রণালয়, বিদ্যুৎ ও জ্বালানি বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।