সংঘর্ষে না জড়িয়ে শিক্ষার্থীদের শান্ত থাকার আহ্বান সরকারের

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলমফাইল ছবি: পিআইডি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শিক্ষার্থীদের কোনো ধরনের সংঘর্ষে না জড়িয়ে শান্ত থাকার আহ্বান জানিয়েছে সরকার। একই সঙ্গে এ ধরনের সংঘাতের পেছনে কোনো ধরনের ইন্ধন পাওয়া গেলে তা কঠোর হাতে দমন করা হবে বলেও হুঁশিয়ার করা হয়েছে।

রাজধানীতে আজ সোমবার ও গতকাল রোববার কয়েকটি কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনার প্রেক্ষাপটে আজ প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বাসসকে এসব কথা বলেন।

শফিকুল আলম বাসসকে বলেন, ‘সম্প্রতি বেশ কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠানে যে সংঘাত-সংঘর্ষ হয়েছে, সরকার তার প্রতি নজর রাখছে। আমরা ছাত্রছাত্রীদের কোনো ধরনের সংঘর্ষে না জড়িয়ে শান্ত থাকার আহ্বান জানাচ্ছি।’

এ ধরনের সংঘাতের পেছনে কোনো ইন্ধন আছে কি না, তা–ও খতিয়ে দেখা হচ্ছে বলে জানান প্রেস সচিব। তিনি বলেন, শিক্ষাপ্রতিষ্ঠানসহ দেশের অন্য যেকোনো অঙ্গনে অস্থিতিশীলতা সৃষ্টির যেকোনো চেষ্টা কঠোর হাতে দমন করা হবে।

আরও পড়ুন

প্রসঙ্গত, গতকাল রোববার ভুল চিকিৎসায় অভিজিৎ হাওলাদার নামের এক শিক্ষার্থীর মৃত্যুর অভিযোগের জের ধরে পুরান ঢাকার ন্যাশনাল মেডিকেল কলেজ ও শহীদ সোহরাওয়ার্দী কলেজে ব্যাপক ভাঙচুর ও লুটপাট চালান মাহবুবুর রহমান মোল্লা কলেজের শিক্ষার্থীরা। আগের দিনের হামলার জের ধরে আজ মাহবুবুর রহমান মোল্লা কলেজে হামলা চালানো হয়।

এ ছাড়া গতকাল রাতে বাংলাদেশ ইউনিভার্সিটি অব টেক্সটাইল (বুটেক্স) ও ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীর মধ্যেও সংঘর্ষের ঘটনা ঘটে।

আরও পড়ুন