ফ্ল্যাট কেনার নামে ৭৫ লাখ টাকা আত্মসাৎ, তিনজনের বিরুদ্ধে অভিযোগ গঠন
প্রতারণার মাধ্যমে অর্থ আত্মসাতের অভিযোগে করা মামলায় একটি মুঠোফোন কোম্পানির সাবেক কর্মকর্তা এ এস এম আশরাফসহ তিনজনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছেন আদালত। ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতের এডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মুহাম্মদ আসাদুজ্জামান নূর সোমবার এ আদেশ দেন।
প্রথম আলোকে এ তথ্য নিশ্চিত করেছেন বাদী পক্ষের আইনজীবী ছিদ্দিক আজাদ। অন্য দুই আসামি হলেন আশরাফের আত্মীয় ফিরোজ রায়হান ও রাফেউজ্জামান। তিন আসামি জামিনে আছেন। অভিযোগ গঠনের সময় তাঁরা আদালতের কাছে নিজেদের নিরপরাধ দাবি করে ন্যায়বিচার চান।
আইনজীবী ছিদ্দিক আজাদ বলেছেন, রাজধানীর মিরপুরে ফ্ল্যাট কিনে দেওয়ার নাম করে আসামিরা তাঁর মক্কেলের কাছ থেকে ৭৫ লাখ টাকা নিয়ে আত্মসাৎ করেছেন। এ অভিযোগে গত বছরের ১৬ নভেম্বর মামলাটি করা হয়। পরে আদালত পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) তদন্তের নির্দেশ দেন। তবে পিবিআই আদালতে চূড়ান্ত প্রতিবেদন জমা দিলে বাদীপক্ষ তাতে নারাজি দেয়।
আদালত নারাজি আবেদনের শুনানি নিয়ে মামলার কাগজপত্র পর্যালোচনা করেন। পরে এক আদেশে আদালত বলেন, মামলার তদন্ত কর্মকর্তা তাঁর বক্তব্য ও তদন্ত প্রতিবেদনে মিথ্যা তথ্য দিয়ে মনগড়া প্রতিবেদন করেন। আদালত তিনজনের বিরুদ্ধে অভিযোগ আমলে নিয়ে সমন জারির আদেশ দেন।