ডেঙ্গুতে আরও দুজনের মৃত্যু

হাসপাতালে ডেঙ্গু রোগীফাইল ছবি: প্রথম আলো
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও দুজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে ডিসেম্বরের প্রথম সপ্তাহে ডেঙ্গুতে ২১ জনের মৃত্যু হলো। আর চলতি বছর এডিস মশাবাহিত এই রোগে মারা গেলেন ১ হাজার ৬৪৩ জন।

আজ বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সর্বশেষ ২৪ ঘণ্টায় (গতকাল বুধবার সকাল আটটা থেকে আজ বৃহস্পতিবার সকাল আটটা পর্যন্ত) ডেঙ্গু নিয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ৫৩৭ জন। এর মধ্যে ঢাকার হাসপাতালগুলোয় ১০৮ এবং ঢাকার বাইরের হাসপাতালগুলোয় ৪২৯ জন ভর্তি হন। ডেঙ্গুতে মারা যাওয়া ব্যক্তিদের মধ্যে একজনের মৃত্যু হয় ঢাকায় এবং একজনের ঢাকার বাইরে।

চলতি বছর দেশে এ পর্যন্ত ডেঙ্গু নিয়ে ৩ লাখ ১৬ হাজার ১৬০ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। তাঁদের মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ১ লাখ ৮ হাজার ৭৫৪ জন এবং ঢাকার বাইরে ভর্তি হন ২ লাখ ৭ হাজার ৪০৬ জন।

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে দেশে চলতি বছর সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে গত সেপ্টেম্বরে—৩৯৬ জন। পরের মাস অক্টোবরে মারা গেছেন ৩৫৯ জন। মৃত্যুর সংখ্যা কিছুটা কমেছে নভেম্বরে, ২৭৪ জন। চলতি বছরের মার্চ মাস ছাড়া সব মাসেই ডেঙ্গুতে মৃত্যু দেখেছে দেশ।

দেশে বড় আকারে ডেঙ্গুর প্রকোপ দেখা দেয় ২০০০ সালে। ওই বছর মারা যান ৯৩ জন। করোনা মহামারির আগের বছর ২০১৯ সালে বড় আকারে ডেঙ্গুর প্রকোপ দেখা দেয়। ওই বছর ডেঙ্গুতে ১ লাখ ১ হাজার ৩৫৪ জন আক্রান্ত হয়েছিলেন, মৃত্যু হয়েছিল ১৭৯ জনের।

রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) তথ্য অনুযায়ী, ২০০০ থেকে ২০২২ সাল পর্যন্ত দেশে ডেঙ্গুতে মারা গেছেন ৮৬৮ জন। এ বছর ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি ও মৃত্যু অতীতের সব রেকর্ড ছাড়িয়ে গেছে।