দালিয়ান থেকে বুলেট ট্রেনে বেইজিংয়ের উদ্দেশে যাত্রা প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান আজ বুধবার চীনের দালিয়ান থেকে বুলেট ট্রেনে বেইজিংয়ের উদ্দেশে যাত্রা করেনছবি: পিএমও

প্রধানমন্ত্রী তারেক রহমান চীনের দালিয়ান থেকে দেশটির রাজধানী বেইজিংয়ের উদ্দেশে যাত্রা শুরু করেছেন।

বিশ্ব অর্থনৈতিক ফোরামের কর্মসূচিতে অংশ নেওয়ার পর স্থানীয় সময় আজ বুধবার বেলা ১টা ৫৬ মিনিটে দালিয়ান থেকে বুলেট ট্রেনে করে বেইজিং রওনা হন তারেক রহমান। তাঁর সফরসঙ্গী হিসেবে রয়েছেন সহধর্মিণী জুবাইদা রহমান।

এর আগে প্রধানমন্ত্রী কড়া নিরাপত্তার মধ্যে শাংগ্রিলা হোটেল থেকে জিপে করে রেলওয়ে স্টেশনে পৌঁছান।

প্রধানমন্ত্রী তারেক রহমানের সফরসঙ্গী হিসেবে রয়েছেন তাঁর সহধর্মিণী জুবাইদা রহমান
ছবি: পিএমও

আজ সকালে দালিয়ানে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের বার্ষিক সম্মেলনে (প্ল্যানারি সেশন) অংশ নেন প্রধানমন্ত্রী তারেক রহমান। স্থানীয় সময় আজ সকাল ১০টায় দালিয়ান ইন্টারন্যাশনাল কনফারেন্স সেন্টারে এই সম্মেলন শুরু হয়।

প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন জানান, ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের সম্মেলনে প্রধানমন্ত্রী যোগদান করেন। সম্মেলনে আসা বিশ্বনেতাদের সঙ্গে তিনি কথা বলেন।

সম্মেলনের এই প্ল্যানারি সেশনের প্রতিপাদ্য—‘ইনোভেটিং অ্যাট স্কেল’ (বৃহৎ পরিসরে উদ্ভাবন)। সম্মেলনের সভাপতি ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্রেসিডেন্ট ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) আলোইস জভিংগি।

প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর এই প্রথম ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের সম্মেলনে অংশ নিলেন তারেক রহমান। এর আগে গতকাল মঙ্গলবার প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্রেসিডেন্ট ও সিইও আলোইস জভিংগি।

আরও পড়ুন