হাম সন্দেহে আরও ৬ শিশুর মৃত্যু

দেশজুড়ে হামের প্রাদুর্ভাবের পর শিশুদের সুরক্ষিত করতে হাম-রুবেলার টিকাদান কর্মসূচি শুরু করেছে সরকারফাইল ছবি

হাম সন্দেহে বা হামের উপসর্গ নিয়ে আজ বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় আরও ৬ শিশুর মৃত্যু হয়েছে। এছাড়া হামে আক্রান্ত হয়ে মারা গেছে আরও এক শিশু।

এ নিয়ে গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গ নিয়ে ১৪৩ শিশুর মৃত্যু হয়েছে। আর হামে ২৩ জনের মৃত্যু নিশ্চিত করেছে স্বাস্থ্য অধিদপ্তর।

আজ বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদনে দেওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া শিশুদের ৪ জনই রাজশাহী বিভাগের। বাকি দুজন ঢাকা এবং একজনের মৃত্যু হয়েছে সিলেটে। একই সময়ে হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ৬৭৪ জন। আর হাম শনাক্ত হয়েছে ৬৪২ জনের।

এখন পর্যন্ত হামে আক্রান্ত মোট শিশুর সংখ্যা ২ হাজার ২৪১। আর হামের উপসর্গ নিয়ে ভর্তি রোগীর সংখ্যা ৮ হাজার ২৫১। হাসপাতাল থেকে সুস্থ হয়ে ছাড়া পাওয়া রোগীর সংখ্যা ৫ হাজার ৮০১।

গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে সবচেয়ে বেশি রোগী ভর্তি হয়েছে ঢাকা বিভাগে। এই সংখ্যা ২৬১। এরপর রয়েছে যথাক্রমে চট্টগ্রাম (১২৬), রাজশাহী (১১৬), খুলনা (৫৯), বরিশাল (৪৩), সিলেট (৩৬), রংপুর (১৭) ও ময়মনসিংহ (১৬)।