ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে ‘ভালোবাসায় বাড়ানো হাত’ বইয়ের রিভিউ প্রতিযোগিতা

প্রথম আলো সম্পাদক মতিউর রহমানের লেখা বই ‘ভালোবাসায় বাড়ানো হাত’–এর রিভিউ প্রতিযোগিতা সামনে রেখে আগ্রহী শিক্ষার্থীদের মধে৵ ১০০টি বই বিতরণ করা হয়েছে। আজ রোববার ঢাকার মাদানী অ্যাভিনিউ-সংলগ্ন ইউনাইটেড সিটিতে অবস্থিত ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির নিজস্ব ক্যাম্পাসেছবি: সংগৃহীত

রাজধানীর ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে (ইউআইইউ) প্রথম আলো সম্পাদক মতিউর রহমানের লেখা বই ‘ভালোবাসায় বাড়ানো হাত’ নিয়ে একটি বিশেষ রিভিউ প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। স্কিলআপার, ইউআইইউ ও প্রথমা ডটকমের যৌথ উদ্যোগে এই প্রতিযোগিতার মূল আয়োজক হিসেবে থাকছে বিশ্ববিদ্যালয়ের ‘মিডিয়া স্টাডিজ অ্যান্ড জার্নালিজম’ বিভাগ।

ইউআইইউর মোট ১০০ শিক্ষার্থী এই প্রতিযোগিতায় অংশগ্রহণের সুযোগ পাবেন। এই আয়োজন উপলক্ষে আজ রোববার ঢাকার মাদানী অ্যাভিনিউ-সংলগ্ন ইউনাইটেড সিটিতে অবস্থিত ইউআইইউর নিজস্ব ক্যাম্পাসে আগ্রহী শিক্ষার্থীদের মধে৵ ১০০টি বই বিতরণ করা হয়। আগামী ১০ জুনের মধ্যে শিক্ষার্থীদের ন্যূনতম ৫০০ থেকে ৭০০ শব্দে রিভিউ জমা দিতে হবে।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, রিভিউগুলো বিশ্ববিদ্যালয়ের নির্দিষ্ট বুথে কিংবা ই-মেইল ও গুগল ফরমসের মাধ্যমে জমা নেওয়া হবে। জমা পড়া রিভিউগুলো থেকে প্রথমা ও ইউআইইউর একটি যৌথ বিচারক প্যানেল সেরা তিনটি লেখা নির্বাচন করবে। প্রতিযোগিতা শেষে একটি সমাপনী অনুষ্ঠানের মাধ্যমে সেরা তিন লেখককে বিশেষ পুরস্কার ও সনদ দেওয়া হবে এবং সেরা রিভিউটি দেশের শীর্ষস্থানীয় পত্রিকা দৈনিক প্রথম আলোতে প্রকাশ করা হবে।

শিগগিরই ক্যাম্পাসে পোস্টার, ব্যানার ও বিশ্ববিদ্যালয়ের অনলাইন গ্রুপগুলোর মাধ্যমে এই প্রতিযোগিতার আনুষ্ঠানিক প্রচার ও রিভিউ জমা নেওয়ার লক্ষ্যে নিবন্ধনপ্রক্রিয়া শুরু হবে বলে আয়োজক সূত্রে জানা গেছে।

এ বিষয়ে ইউআইইউর মিডিয়া স্টাডিজ অ্যান্ড জার্নালিজম বিভাগের প্রধান শেখ শফিউল ইসলাম বলেন, ‘এ বইটি মুক্তিযুদ্ধে আমাদের বিদেশি বন্ধুদের, বিশেষত লেখক, গায়ক ও সংস্কৃতিকর্মীদের অসামান্য ভূমিকা উন্মোচনে গুরুত্বপূর্ণ অবদান রেখেছে। আমি বলব, এক ঐতিহাসিক দায়িত্ব পালন করেছে বইটি। বইটি নিয়ে রিভিউ প্রতিযোগিতা আমাদের শিক্ষার্থীদের জন্য বাতিঘর হিসেবে কাজ করবে বলে আমি মনে করি।’

বিশ্ববিদ্যালয়ের পাবলিক রিলেশনস অফিসের পরিচালক আবু সাদাত মোহাম্মদ মুস্তানসির বিল্লাহ বলেন, ‘আমরা চাই, আয়োজনটি ভবিষ্যতে আরও ব্যাপক পরিসরে শিক্ষার্থীদের মাঝে ছড়িয়ে দেওয়া হবে। শিক্ষার্থীদের মধ্যে পাঠাভ্যাস গড়ে তুলতে এই উদ্যোগ গুরুত্বপূর্ণ একটি ভূমিকা রাখবে বলে আশা করছি।’

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ইউআইইউর মিডিয়া স্টাডিজ অ্যান্ড জার্নালিজম বিভাগের প্রভাষক কাজী কামরুন নাহার, সুমাইয়া জাহিদ, লেখক ও সাংবাদিক রাহিতুল ইসলামসহ অনেকে।