মার্কেটের সামনে থাকেন ওত পেতে, ঈদের কেনাকাটা করতে এলে ছিনতাই
চট্টগ্রাম নগরের বিভিন্ন মার্কেটের সামনে ওত পেতে থাকেন তাঁরা। রাতে ঈদের কেনাকাটা করতে আসা লোকজনের কাছ থেকে সুযোগ বুঝে করেন ছিনতাই। এই ছিনতাইকারী চক্রের পাঁচ সদস্যকে গ্রেপ্তার করার কথা জানিয়েছে পুলিশ।
পুলিশ বলছে, গতকাল বৃহস্পতিবার রাতে নগরের কোতোয়ালি থানার নিউমার্কেটের সামনে থেকে ওই পাঁচজনকে গ্রেপ্তার করা হয়। তাঁরা হলেন শাওন ফরাজী, মো. সজীব, মো. শাহেদ, মো. জুয়েল ও মো. ইয়াসিন।
কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল কবির আজ শুক্রবার প্রথম আলোকে বলেন, গোপন তথ্যের ভিত্তিতে পুলিশ জানতে পারে, ছিনতাইয়ের পরিকল্পনা করতে কয়েকজন নিউমার্কেট–সংলগ্ন পদচারী–সেতুর নিচে অবস্থান করছেন। পরে অভিযান চালিয়ে পাঁচজনকে গ্রেপ্তার করা হয়। তাঁদের কাছ থেকে পাঁচটি ছুরি উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় মামলা হয়েছে।
গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের বিরুদ্ধে নগরের বিভিন্ন থানায় ছিনতাই, ডাকাতি ও অস্ত্র আইনে মামলা রয়েছে উল্লেখ করে পুলিশের এই কর্মকর্তা বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাঁরা স্বীকার করেছেন, অবৈধ অস্ত্র (ছুরি) নিয়ে পবিত্র রমজান মাসে রাতের বেলায় নিউমার্কেট থেকে জুবিলি রোড, জলসা মার্কেট ও নিউমার্কেটগামী পথচারীদের লক্ষ্য করে ছিনতাই করেন তাঁরা।