প্রধানমন্ত্রী দেশে ফিরেছেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রধানমন্ত্রী শেখ হাসিনা গতকাল বুধবার দিবাগত রাতে দেশে ফেরেন
ছবি: বাসস

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইতালিতে তিন দিনের সরকারি সফর শেষে দেশে ফিরেছেন।

প্রধানমন্ত্রী ও তাঁর সফরসঙ্গীদের বহনকারী কাতার এয়ারওয়েজের একটি নিয়মিত ফ্লাইট গতকাল বুধবার দিবাগত রাত ১টা ৫০ মিনিটে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

এর আগে ফ্লাইটটি কাতারের দোহায় হামাদ আন্তর্জাতিক বিমানবন্দরে এক ঘণ্টার বেশি যাত্রাবিরতি করেছিল। ফ্লাইটটি গতকাল স্থানীয় সময় সকাল ৯টা ৪৫ মিনিটে ইতালির রোমের ফিউমিসিনো বিমানবন্দর ত্যাগ করে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতিসংঘ খাদ্যব্যবস্থা সামিট+২ স্টকটেকিং মোমেন্টে (ইউএনএফএসএস+২) যোগ দিতে ২৩ জুলাই ইতালির রোমে পৌঁছান। জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেসের আমন্ত্রণে তিনি এই সম্মেলনে যোগ দেন।

আরও পড়ুন

জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার (এফএও) সদর দপ্তরে ২৪ থেকে ২৬ জুলাই সম্মেলনটি ‘সাসটেইনেবল ফুড সিস্টেম ফর পিপল, প্ল্যানেট অ্যান্ড প্রসপারিটি: ডাইভার্স পাথওয়ে ইন এ শেয়ার্ড জার্নি’ প্রতিপাদ্যে অনুষ্ঠিত হয়।

প্রধানমন্ত্রী ২৪ জুলাই বিশেষ অতিথি বক্তা হিসেবে এফএওর সদর দপ্তরে সম্মেলনের আনুষ্ঠানিক উদ্বোধনে ভাষণ দেন।

ইউএনএফএসএস+২-এ ২০ জনের বেশি রাষ্ট্র–সরকারপ্রধানসহ ১৬০টির বেশি দেশের প্রায় ২ হাজার প্রতিনিধি উপস্থিত ছিলেন।

শেখ হাসিনা ‘ফুড সিস্টেম অ্যান্ড ক্লাইমেট অ্যাকশন’ শীর্ষক পূর্ণাঙ্গ অধিবেশনেও অংশ নেন।

প্রধানমন্ত্রী এফএওর সদর দপ্তরে বাংলাদেশ-বঙ্গবন্ধু শেখ মুজিব কক্ষের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেন।

সম্মেলনের ফাঁকে এফএওর সদর দপ্তরে সদ্য উদ্বোধন করা বাংলাদেশ-বঙ্গবন্ধু শেখ মুজিব কক্ষে নেপালের প্রধানমন্ত্রী পুষ্প কমল দাহালের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেন প্রধানমন্ত্রী।

আরও পড়ুন

এ ছাড়া ইতালির তিন মন্ত্রী এফএওর সদর দপ্তরে বাংলাদেশের প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।

এফএওর মহাপরিচালক কু ডংইউ, ইন্টারন্যাশনাল ফান্ড ফর অ্যাগ্রিকালচারাল ডেভেলপমেন্টের প্রেসিডেন্ট আলভারো লারিও, জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচির (ডব্লিউএফপি) নির্বাহী পরিচালক সিন্ডি হেনসলি ম্যাককেইনও প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।

২৫ জুলাই প্রধানমন্ত্রী ইউরোপের ১৫টি দেশে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূতদের নিয়ে আয়োজিত ‘আঞ্চলিক দূত সম্মেলনে’ যোগ দেন। এ ছাড়া তিনি ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেন। বৈঠকে দুই প্রধানমন্ত্রীর উপস্থিতিতে দুটি সমঝোতা স্মারক বিনিময় হয়।

প্রধানমন্ত্রী ইতালিতে তাঁর সম্মানে আয়োজিত প্রবাসী বাংলাদেশিদের দেওয়া নাগরিক সংবর্ধনায়ও যোগ দেন।

আরও পড়ুন