নর্থ সাউথে ‘বার্মা আইনের’ প্রভাব নিয়ে সেমিনার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সেমিনারে আলোচকদের সঙ্গে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক–শিক্ষার্থীরা
ছবি: সংগৃহীত

বাংলাদেশ-মিয়ানমার সীমান্ত অঞ্চলে ‘বার্মা অ্যাক্টের’ প্রভাব নিয়ে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে একটি কলোকিয়াম অনুষ্ঠিত হয়েছে। সম্প্রতি বিশ্ববিদ্যালয়ের সাউথ এশিয়ান ইনস্টিটিউট অব পলিসি অ্যান্ড গভর্নেন্সের (এসআইপিজি) সেন্টার ফর পিস স্টাডিজ (সিপিএস) এই কলোকিয়াম আয়োজন করে।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গত বছরের শেষের দিকে যুক্তরাষ্ট্র বার্মা আইন পাস করেছে। যা মিয়ানমারের অসংখ্য গণতান্ত্রিক শক্তিকে সমর্থন প্রদান করার জন্য ডিজাইন করা হয়েছে। এই পরিবর্তনের পরিপ্রেক্ষিতে বাংলাদেশ-মিয়ানমার সীমান্ত অঞ্চলে ‘বার্মা অ্যাক্টের’ প্রভাবের ওপর কলোকিয়ামটি অনুষ্ঠিত হয়।

সেমিনারটি সঞ্চালনা করেন এসআইপিজির পরিচালক এস কে তৌফিক এম হক। সেমিনারে বক্তব্য দেন এসআইপিজির সিনিয়র ফেলো ও সাবেক নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন, মিয়ানমারের জাতীয় ঐক্য সরকারের (এনইউজি) স্বাস্থ্য ও শিক্ষামন্ত্রী অধ্যাপক জাও ওয়াই সোয়ে, এনইউজির পররাষ্ট্র মন্ত্রণালয়ের থিটসার, সুইজারল্যান্ডে বাংলাদেশের রাষ্ট্রদূত এবং জাতিসংঘে স্থায়ী প্রতিনিধি এইচ ই সুফিউর রহমান, এসআইপিজির অধ্যাপক শহীদুল হক এবং এনএসইউর রাষ্ট্রবিজ্ঞান ও সমাজবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক রেমন্ড কুন-সান লাউ।

এম সাখাওয়াত হোসেন বলেন, এই আইনের ফলে যুক্তরাষ্ট্র মিয়ানমারের বিভিন্ন জাতিগত সশস্ত্র সংস্থাকে সামরিক সহায়তা প্রদান করতে পারে। যা বাংলাদেশের নিরাপত্তাকে দুর্বল করতে পারে। কারণ এই গ্রুপগুলোর সঙ্গে বাংলাদেশে কর্মরত একই বিচ্ছিন্নতাবাদী দলগুলোর যোগাযোগ আছে।

সুইজারল্যান্ডে বাংলাদেশের রাষ্ট্রদূত এইচ ই সুফিউর রহমানের মতে, আরাকান সেনাবাহিনীর উত্থানই সংঘাতের মূল কারণ। আরাকান সেনাবাহিনীর স্বার্থ না নিয়ে বাংলাদেশ ও মিয়ানমারের মধ্যে রোহিঙ্গা ইস্যুতে একটি সমাধানে পৌঁছানো সম্ভব নয় বলে মনে করেন তিনি।

সেমিনারে অধ্যাপক শহীদুল হক সংঘাতে আসিয়ানের ভূমিকা নিয়ে আলোচনা করেন। এ সমসয় মিয়ানমারে সংঘাত মোকাবিলায় আসিয়ানের ত্রুটির দিকে ইঙ্গিত করেন। মিয়ানমারের অসংখ্য জাতিগত সংখ্যালঘুদের দুর্দশা বোঝার ক্ষেত্রে আসিয়ানের অবহেলার দিকে বিশেষ দৃষ্টি আকর্ষণ করেন তিনি।

অনুষ্ঠানে ভূ-রাজনীতির বিশেষজ্ঞ ও অনুশীলনকারী, আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধি, সরকারি কর্মকর্তা, গবেষক, সাংবাদিক, এনএসইউর অনুষদ সদস্য এবং শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।