মতিউর রহমানের বিরুদ্ধে মামলা প্রত্যাহার ও শামসুজ্জামানের দ্রুত মুক্তি চায় সাদা দল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকা বিশ্ববিদ্যালয়
ফাইল ছবি

প্রথম আলো সম্পাদক মতিউর রহমানের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে করা মামলা প্রত্যাহার ও একই মামলায় গ্রেপ্তার পত্রিকাটির নিজস্ব প্রতিবেদক শামসুজ্জামানকে দ্রুত মুক্তি দেওয়ার আহ্বান জানিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাদা দল। এ ছাড়া মামলা ও গ্রেপ্তারের ঘটনায় গভীর উদ্বেগ জানিয়েছে তারা।

এ আহ্বান ও উদ্বেগ জানানোর পাশাপাশি মানুষের মতপ্রকাশের স্বাধীনতা নিশ্চিত করতে ডিজিটাল নিরাপত্তা আইনের মতো নিবর্তনমূলক আইনগুলো বাতিল করার দাবি জানিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিএনপিপন্থী শিক্ষকদের সংগঠনটি।

আজ শনিবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ আহ্বান ও দাবি জানান সাদা দলের আহ্বায়ক মো. লুৎফর রহমান, যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ ছিদ্দিকুর রহমান খান ও আবদুস সালাম।

বিবৃতিতে বলা হয়, ‘প্রথম আলোর অনলাইনের একটি প্রতিবেদন ফেসবুকে প্রকাশকে কেন্দ্র করে মতিউর রহমানের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা ও শামসুজ্জামানকে কোনো আনুষ্ঠানিক অভিযোগ কিংবা পরোয়ানা ছাড়াই গভীর রাতে বাসা থেকে তুলে নেওয়া এবং পরে একই আইনের মামলায় তাঁকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানোর ঘটনায় আমরা গভীর উদ্বেগ প্রকাশ, তীব্র নিন্দা জ্ঞাপন ও প্রতিবাদ জানাচ্ছি।’

বিবৃতিতে আরও বলা হয়, নিত্যপ্রয়োজনীয় পণ্যের অসহনীয় মূল্যবৃদ্ধির ফলে সৃষ্ট জনদুর্ভোগ বা ক্ষুধার কথাও জনগণ প্রকাশ্যে বলতে পারছে না। এ ক্ষেত্রে সংবাদপত্র দেশের জনগণের পক্ষে স্বাধীনভাবে কথা বলবে—এটাই প্রত্যাশিত। কিন্তু বর্তমান সরকার সংবাদপত্রের স্বাধীনতায় বিশ্বাস করে না। তাই গণমাধ্যমের স্বাধীনতা হরণের লক্ষ্যেই ডিজিটাল নিরাপত্তা আইনসহ নিবর্তনমূলক বিভিন্ন আইন প্রণয়ন করা হয়েছে।

নিবর্তনমূলক এসব আইনের জেরে সংবাদপত্র ও সাংবাদিকদের মতপ্রকাশের স্বাধীনতা মারাত্মকভাবে সংকুচিত করে ফেলা হয়েছে উল্লেখ করে সাদা দল বলেছে, প্রথম আলোর সম্পাদকের বিরুদ্ধে মামলা ও সাংবাদিক শামসুজ্জামানকে কারাগারে পাঠানোর ঘটনা এর সর্বশেষ উদাহরণ।

আরও পড়ুন

সরকারের এ পদক্ষেপ দেশে মুক্তচিন্তা, বাক্‌স্বাধীনতা ও স্বাধীন সংবাদ প্রকাশের ক্ষেত্রে সংবাদমাধ্যমের কণ্ঠ রোধ করার অপপ্রয়াস বলে মনে করে সাদা দল। সংগঠনের নেতারা বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও সর্বোপরি বিবেকবান মানুষ হিসেবে এটি তাঁদের কাছে কোনোভাবেই কাম্য নয়।

গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করা ও এর প্রত্যাশিত ভূমিকা পালনের স্বার্থে মতিউর রহমানের বিরুদ্ধে করা মামলা প্রত্যাহার ও শামসুজ্জামানের দ্রুত মুক্তির জন্য সরকারের প্রতি আহ্বান জানানো হয় বিবৃতিতে।

আরও পড়ুন