ব্যবসায়ী আলতাফকে ছেড়ে দিয়েছে পুলিশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রগতি ইনস্যুরেন্স লিমিটেডের চেয়ারম্যান সৈয়দ এম. আলতাফ হোসেন
ছবি: প্রগতি ইনস্যুরেন্স লিমিটেডের ওয়েবসাইট থেকে নেওয়া

প্রগতি ইনস্যুরেন্স লিমিটেডের চেয়ারম্যান সৈয়দ এম আলতাফ হোসেনকে শেষে ছেড়ে দিয়েছে পুলিশ। রোববার গুলশান থানায় তাঁকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ। যদিও এর আগে পুলিশ বলেছিল, পুরোনো একটি নাশকতার মামলায় সন্দেহভাজন আসামি হিসেবে ব্যবসায়ী আলতাফকে গ্রেপ্তার করা হয়েছে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, শনিরাত দিবাগত রাত পৌনে একটার দিকে গুলশানের বাসা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে। বিষয়টি রোববার সকালে প্রথম আলোকে নিশ্চিত করেছিলেন গুলশান থানার পরিদর্শক (অপারেশনস) মো. আমিনুল ইসলাম। তিনি বলেছিলেন, পুরোনো একটি নাশকতার মামলায় আলতাফ হোসেনকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

অবশ্য রাতে গুলশান বিভাগের উপকমিশনার শহীদুল্লাহ প্রথম আলোকে বলেন, কিছু বিষয়ে তাঁকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। জিজ্ঞাসাবাদ শেষে তাঁকে ছেড়ে দেওয়া হয়েছে।

সম্প্রতি আলতাফ হোসেনের বাসায় একটি নৈশভোজে অংশ নেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস। ওই নৈশভোজে বিএনপির বেশ কয়েকজন নেতা এবং সরকারের একজন মন্ত্রীও যোগ দিয়েছিলেন। ওই নৈশভোজের কারণে তাঁকে আটক করা হয়েছে কি না, এ নিয়ে দিনভর আলোচনা ছিল।