সৈকতে বেপরোয়া গতিতে মোটরসাইকেল চালানোয় অভিযান, তিনটি মোটরসাইকেল জব্দ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আনোয়ারার পারকি সৈকতে শনিবার বিকেলে অভিযান চালিয়ে তিনটি মোটরসাইকেল জব্দ করেছে পুলিশ
বি: সংগৃহীত

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় পারকি সৈকতে বেপরোয়া গতিতে মোটরসাইকেল চালানো থামাতে অভিযান চালানো হয়েছে। শনিবার বিকেল চারটার দিকে পুলিশ অভিযান পরিচালনা করে তিনটি মোটরসাইকেল জব্দ করেছে। অভিযানে নেতৃত্ব দেন কর্ণফুলী জোনের সহকারী কমিশনার (এসি) মো. আরিফ হোসেন।

স্থানীয় বারশত ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য মো. তৌহিদ বলেন, মোটরসাইকেল আরোহীদের কারণে সৈকতের পরিবেশ নষ্ট হয়ে যাচ্ছে। পর্যটকেরা তাঁদের কারণে সাবলীলভাবে সৈকতে ঘুরতে পারেন না। এ জন্য সৈকতে নিয়মিত অভিযানের চালানোর দাবি জানাচ্ছেন।

পুলিশ সূত্রে জানা যায়, সৈকতে বেপরোয়া গতিতে মোটরসাইকেল চালানোয় তিনটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে। সেই সঙ্গে প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় দুটি মোটরসাইকেলের বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছে। সৈকতে নিয়মিত মোটরসাইকেল চালিয়ে পর্যটকদের উত্ত্যক্ত করার অভিযোগের পরিপ্রেক্ষিতে এ অভিযান চালানো হয়েছে।

এসি মো. আরিফ হোসেন বলেন, পারকি সৈকত চট্টগ্রামের গুরুত্বপূর্ণ পর্যটনকেন্দ্র। সেখানে বেপরোয়া গতিতে মোটরসাইকেল চালালে পর্যটকেরা নানা ধরনের সমস্যার সম্মুখীন হন। তাই সৈকতে শৃঙ্খলা ফেরাতে নিয়মিত অভিযান চালানো হবে।