বিএফআইইউর প্রধান মাসুদ বিশ্বাসকে হাইকোর্টে তলব
বাংলাদেশ ফিন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের (বিএফআইইউ) প্রধান মাসুদ বিশ্বাসকে তলব করেছেন হাইকোর্ট।
আজ মঙ্গলবার বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি খিজির হায়াতের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। কাল বুধবার বেলা ১১টায় মাসুদ বিশ্বাসকে হাইকোর্টে হাজির হতে বলা হয়েছে।
সুইজারল্যান্ডের বিভিন্ন ব্যাংকে অর্থ জমাকারী বাংলাদেশিদের বিষয়ে সরকার নির্দিষ্টভাবে কোনো তথ্য চায়নি বলে সম্প্রতি দেশটির রাষ্ট্রদূত বক্তব্য দেন। তাঁর এমন বক্তব্যের পরিপ্রেক্ষিতে বাংলাদেশ ব্যাংক ও বিএফআইইউর পক্ষ থেকে আদালতে কাগজপত্র দাখিল করা হয়। দাখিল করা কাগজপত্রে কারও নাম, সিল ও পদবি উল্লেখ না থাকায় বিএফআইইউর প্রধানকে তলব করা হলো।
আগের ধারাবাহিকতায় আজ সকালে রাষ্ট্রপক্ষে ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ কে এম আমিন উদ্দিন বাংলাদেশ ব্যাংক ও বিএফআইইউর তথ্যাদি আদালতে তুলে ধরেন।
ডেপুটি অ্যাটর্নি জেনারেলের উদ্দেশে একপর্যায়ে আদালত বলেন, ‘সাদা কাগজে লিখে দিয়ে দিলেন। নাম-ঠিকানা-পদবি নেই। গোঁজামিল হয়ে গেল না? বিষয়টি কি এমন যে ধরি মাছ না ছুঁই পানি। যা হওয়ার হোক, যেন তাঁর নাম (আদালতে দাখিল করতে যে কর্মকর্তা কাগজ দিয়েছেন) না আসে। এত ভয় কিসের? যে কথা লিখেছেন, তার নিচে সই দিলেও হতো। নাম লিখলেন না, সই দিলেন না, যা খুবই উদাসীনতা। এটি কি কেউ গ্রহণ করবে? এই তথ্যাদির ওপর নির্ভর করা যায় না। এমন কাগজ দাখিল করা দুঃখজনক।’
পরে আদালত বিএফআইইউর প্রধানকে তলবের আদেশ দেন। এ সময় দুদকের পক্ষে জ্যেষ্ঠ আইনজীবী খুরশীদ আলম খান আদালতে উপস্থিত ছিলেন।
১০ আগস্ট জাতীয় প্রেসক্লাবে ডিকাব টকে ঢাকায় নিযুক্ত সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত নাতালি চুয়ার্ড বলেছিলেন, বাংলাদেশ সরকার এখন পর্যন্ত সুইস ব্যাংক বা কর্তৃপক্ষের কাছে নির্দিষ্ট কোনো তথ্য চায়নি।
এ নিয়ে গণমাধ্যমে খবরের বিষয়ে দৃষ্টি আকর্ষণ করে পরদিন হাইকোর্ট সুইজারল্যান্ডের ব্যাংকে অর্থ রাখা বাংলাদেশি নাগরিকদের বিষয়ে সুনির্দিষ্ট তথ্য চাওয়া হয়েছিল কি না, তা জানতে চান। এর ধারাবাহিকতায় ১৪ আগস্ট বিষয়টি আদালতে ওঠে।
সেদিন (১৪ আগস্ট) ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন আদালতে বলেছিলেন, বিএফআইইউর মাধ্যমে ৬৭ জনের বিষয়ে তথ্য চাওয়া হয়েছিল। এর মধ্যে একজনের বিষয়ে তথ্য পাওয়া গেছে।
অন্যদিকে দুদকের আইনজীবী খুরশীদ আলম খান বলেছিলেন, সুইজারল্যান্ড থেকে তথ্য সংগ্রহের জন্য ২০১৪, ২০১৯ ও ২০২১ সালে দুদক বিএফআইইউর কাছে অনুরোধপত্র দেয়। এরপর বিএফআইইউ অনুরোধ করে সুইজারল্যান্ডের কাছে একটি তথ্য পেয়েছে, তা-ও অসম্পূর্ণ।
১৪ আগস্ট হাইকোর্ট লিখিতভাবে রাষ্ট্রপক্ষ ও দুদককে ঘটনা সম্পর্কে হলফনামা আকারে তথ্যাদি দাখিল করতে নির্দেশ দেন। তার ধারাবাহিকতায় গতকাল সোমবার রাষ্ট্রপক্ষ ও দুদক হলফনামা আকারে কাগজসহ লিখিত বক্তব্য আদালতে দাখিল করে। আজ বিষয়টি শুনানির জন্য আদালতে ওঠে।
বাংলাদেশ ব্যাংক ও বিএফআইইউর কাগজপত্র তুলে ধরে আজ শুনানিতে ডেপুটি অ্যাটর্নি জেনারেল জানান, ২০১৩ সাল থেকে চলতি বছরের জুলাই পর্যন্ত বিএফআইইউ ৬৭ ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিষয়ে তথ্য সরবরাহের জন্য ১৩ বার সুইজারল্যান্ড এফআইইউকে অনুরোধ জানায়। এর মধ্যে একজন ছাড়া অন্যদের বিষয়ে কোনো তথ্য পাওয়া যায়নি।