জুলাই গণ–অভ্যুত্থানের সময় হত্যা মামলা
সাবেক সিনিয়র সচিব জিয়াউলকে গ্রেপ্তার দেখানোর আবেদনের শুনানি পেছাল
জুলাই গণ–অভ্যুত্থানের সময় রাজধানীর কাফরুল থানা এলাকায় মাহবুব হাসান মামুন হত্যা মামলায় সাবেক সিনিয়র সচিব এন এম জিয়াউল আলমকে গ্রেপ্তার দেখানোর আবেদনের ওপর শুনানির জন্য ১৫ জুলাই তারিখ ধার্য করেছেন আদালত।
আজ সোমবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হাসিবুজ্জামান এই তারিখ ধার্য করেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী শামসুদ্দোহা সুমন এই তথ্য নিশ্চিত করেছেন।
শামসুদ্দোহা সুমন বলেন, মামলার তদন্ত কর্মকর্তা কাফরুল থানার উপপরিদর্শক (এসআই) মো. আবদুল আলীম ৯ জুলাই এই গ্রেপ্তার দেখানোর আবেদনটি করেন। সেদিন আদালত আসামির উপস্থিতিতে শুনানির জন্য ১৩ জুলাই তারিখ রেখেছিলেন। সে অনুযায়ী আজ সকালে আসামিকে কারাগার থেকে আদালতে হাজির করা হয়, তবে মামলার মূল নথি আদালতে উপস্থাপন না হওয়ায় শুনানির তারিখ পিছিয়ে দেন বিচারক।
গ্রেপ্তার দেখানোর আবেদনে বলা হয়, প্রাথমিক তদন্তে এই মামলার ঘটনার সঙ্গে আসামির সম্পৃক্ততার বিষয়ে সাক্ষ্যপ্রমাণ পাওয়া গেছে। সুষ্ঠু তদন্তের স্বার্থে তাঁকে এই মামলায় গ্রেপ্তার দেখানো প্রয়োজন। তদন্তের প্রয়োজনে পরবর্তী সময়ে তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডের আবেদন করা হতে পারে।
মামলার এজাহার অনুযায়ী, ২০২৪ সালের ১৯ জুলাই রাজধানীর মিরপুরে বিআরটিএ কার্যালয়ের সামনে আন্দোলনে অংশ নেন মাহবুব হাসান (৩৪)। বিকেল সাড়ে চারটার দিকে তিনি গুলিবিদ্ধ হন। পরে হাসপাতালে নেওয়া হলে তাঁকে মৃত ঘোষণা করেন চিকিৎসকেরা।
এ ঘটনায় নিহত ব্যক্তির স্ত্রী রাজধানীর কাফরুল থানায় হত্যা মামলা করেন। মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ১৬১ জনকে আসামি করা হয়েছে।