রাত ১০টা থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সর্বসাধারণের প্রবেশ বন্ধ
পয়লা বৈশাখ উদ্যাপন ঘিরে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে প্রবেশ ও যানবাহন চলাচলে বিধিনিষেধ আরোপ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। বিশ্ববিদ্যালয়ের এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের পাঁচটি প্রবেশপথ (শাহবাগ, নীলক্ষেত, দোয়েল চত্বর, শহীদুল্লাহ হল, উদয়ন স্কুল) আজ সোমবার (১৩ এপ্রিল) রাত ১০টা থেকে সর্বসাধারণের জন্য বন্ধ থাকবে। তবে শাহবাগ ও নীলক্ষেত প্রবেশপথ আগামীকাল মঙ্গলবার (১৪ এপ্রিল) ভোর ৬টা থেকে এবং দোয়েল চত্বর, শহীদুল্লাহ হল, উদয়ন স্কুল প্রবেশপথ দুপুর ১২টার পর সর্বসাধারণের জন্য উন্মুক্ত রাখা হবে।
তা ছাড়া আজ রাত থেকেই ক্যাম্পাসে যানবাহন চলাচলে কড়াকড়ি থাকবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের বৈধ আইডি কার্ডধারী শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীরা ওই সময়ে নীলক্ষেত প্রবেশপথ ছাড়া উদয়ন স্কুলের সামনে দিয়ে প্রবেশ করতে পারবেন। গতকাল রোববার বিশ্ববিদ্যালয়ের এস্টেট ম্যানেজার ফাতেমা বিনতে মুস্তফা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে সংশ্লিষ্ট সবাইকে এসব নির্দেশনা মেনে চলার জন্য অনুরোধ জানিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টিকারযুক্ত যানবাহন কেবল নীলক্ষেত ও উদয়ন স্কুলের সামনে দিয়ে ক্যাম্পাসে প্রবেশ করবে। জরুরি সেবায় নিয়োজিত যানবাহন (অ্যাম্বুলেন্স, ডাক্তার, রোগী, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, সাংবাদিক ও ফায়ার সার্ভিসের যানবাহন) ছাড়া অন্য কোনো যানবাহন ওই সময়ে ক্যাম্পাসে প্রবেশ করতে পারবে না।
নববর্ষের দিন বিকেল পাঁচটা থেকে বিশ্ববিদ্যালয় এলাকায় জনসাধারণের প্রবেশ আবার বন্ধ থাকবে। এ সময় বহিরাগতরা ক্যাম্পাস থেকে বের হতে পারবেন, প্রবেশ করতে পারবেন না। এ নির্দেশনা রাত ১২টা পর্যন্ত বলবৎ থাকবে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মঙ্গলবার (১৪ এপ্রিল) বিকেল পাঁচটার মধ্যে ক্যাম্পাসের উন্মুক্ত স্থানে অনুষ্ঠিত সব কার্যক্রম সম্পন্ন করতে হবে। এ সময়ের পর উন্মুক্ত স্থানে কোনো কার্যক্রমের আয়োজন করা যাবে না।