দেশ–বিদেশে সরকারের ‘সাফল্য’ প্রচার করবে গণপূর্ত মন্ত্রণালয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়

দেশে-বিদেশে সরকারের উন্নয়ন কার্যক্রম প্রচারের উদ্যোগ নিয়েছে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়। ২০০৯ সালে প্রথম মেয়াদে দায়িত্ব নেওয়ার পর টানা তিন মেয়াদে সরকারের যত সাফল্য ও অর্জন আছে, তার ওপর টিভি বিজ্ঞাপন (টিভিসি) তৈরি করে প্রচার করা হবে। এ জন্য ১৩ সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে।

গত বুধবার গণপূর্ত মন্ত্রণালয়ের উপসচিব মো. মনিরুজ্জামানের সই করা এক অফিস আদেশে কমিটি গঠন করা হয়। সরকারের উন্নয়ন কার্যক্রম প্রচারের সিদ্ধান্তটি হয় গত ২৫ মে অনুষ্ঠিত গণপূর্ত মন্ত্রণালয়ের মাসিক সমন্বয় সভায়। সেখানে বলা হয়, টিভিসির পাশাপাশি মন্ত্রণালয়ের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড ও সাফল্যের চিত্র ইলেকট্রনিক বোর্ডের মাধ্যমে প্রচার করা হবে। গুরুত্বপূর্ণ ও জনবহুল এলাকায় দৃষ্টিনন্দন ব্যানার টাঙানো হবে।

গণপূর্ত মন্ত্রণালয়ের এক কর্মকর্তা প্রথম আলোকে জানিয়েছেন, চলতি বছরের শুরুতে অনুষ্ঠিত জেলা প্রশাসক (ডিসি) সম্মেলনে সরকারের উন্নয়ন ও সাফল্য প্রচারের আলোচনা হয়। মন্ত্রিসভার বৈঠকেও বিষয়টি আলোচনা হয়। ধাপে ধাপে সব মন্ত্রণালয় যার যার উন্নয়ন ও সফলতার চিত্র প্রচার করবে।

গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের সাফল্য প্রচারে গঠিত কমিটিতে গণপূর্ত অধিদপ্তর, রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক), জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষ, স্থাপত্য অধিদপ্তর, নগর উন্নয়ন অধিদপ্তর, খুলনা উন্নয়ন কর্তৃপক্ষ, চট্টগ্রাম, রাজশাহী ও কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের একজন করে প্রতিনিধি থাকবেন। এ ছাড়া হাউজিং অ্যান্ড বিল্ডিং রিসার্চ ইনস্টিটিউট, সরকারি আবাসন পরিদপ্তর, গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষ ও অভ্যন্তরীণ নিরীক্ষা পরিদপ্তরের একজন করে প্রতিনিধিকে রাখা হয়েছে।

পুরো কার্যক্রমে সমন্বয় করবেন গণপূর্ত মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (প্রশাসন অনুবিভাগ ১)। এই কমিটি মূলত যার যার দপ্তরের সাফল্যের গল্প দিয়ে টিভি বিজ্ঞাপন তৈরি করে বর্তমান সরকারের উন্নয়ন ও সাফল্যের কার্যক্রম দেশে প্রচার করবে। একই সঙ্গে বিদেশে বাংলাদেশ দূতাবাসগুলোতে প্রচারের জন্য পাঠাবে। তবে পুরো কার্যক্রম বাস্তবায়নে কত টাকা খরচ হবে তা জানা যায়নি।