দিল্লিতে বিবেকানন্দ ফাউন্ডেশনে জনবক্তৃতা
কোনো দেশকে প্রকৃতির প্রাপ্য হিস্যা থেকে বঞ্চিত করা উচিত নয়: পররাষ্ট্রমন্ত্রী
পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন দিল্লি সফরে গিয়ে সরাসরি তিস্তার নাম উল্লেখ না করে ১২ বছর ধরে অমীমাংসিত নদীটির পানিবণ্টন চুক্তি না হওয়ার বিষয়ে হতাশা প্রকাশ করেছেন।
আব্দুল মোমেন বলেন, ভৌগোলিকভাবে নদীসহ প্রকৃতির সুবিধা গ্রহণের বিষয়টি আমাদের ভাগ্যনির্ধারিত করা হয়েছে। একটি দেশকে তার প্রাপ্য হিস্যা থেকে বঞ্চিত করা উচিত নয়। আমাদের মনে রাখা উচিত যে ঘরোয়া রাজনীতির বিষয়গুলো যেন অন্য দেশের সংখ্যাগরিষ্ঠ মানুষের অনুভূতিতে আঘাত না করে।
বুধবার বিকেলে ভারতের গবেষণা প্রতিষ্ঠান বিবেকানন্দ ইন্টারন্যাশনাল ফাউন্ডেশন আয়োজিত এক বিশেষ বক্তৃতায় পররাষ্ট্রমন্ত্রী এ মন্তব্য করেন।
‘অভিন্ন সমৃদ্ধির বিকাশে শান্তির বিকাশ: দক্ষিণ এশিয়ার রূপকল্প’ শীর্ষক জনবক্তৃতায় পররাষ্ট্রমন্ত্রী বিশেষ বক্তা হিসেবে বক্তৃতা দেন। বিবেকানন্দ ইন্টারন্যাশনাল ফাউন্ডেশনের পরিচালক অরবিন্দ গুপ্তা জনবক্তৃতার শুরুতে স্বাগত জানান তাঁকে।
উন্নয়নশীল দেশগুলোর জোট জি-২০ এর পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে যোগ দিতে আব্দুল মোমেন বুধবার সকালে দিল্লি গেছেন। বৃহস্পতিবার ওই বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
প্রায় ৩০ মিনিটের জনবক্তৃতায় পররাষ্ট্রমন্ত্রী দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে দীর্ঘস্থায়ী বন্ধুত্ব ও এ অঞ্চলে টেকসই শান্তির জন্য বেশ কয়েকটি প্রস্তাব দেন। শান্তিপূর্ণ সহাবস্থান, আঞ্চলিক সহযোগিতা, অর্থনৈতিক সমৃদ্ধি ও ন্যায্য হিস্যা নিশ্চিত করা এবং আঞ্চলিকতার বিকাশে সরকারি স্তরের বাইরে আলোচনার প্রস্তাব করেন তিনি।
পানিবণ্টন নিয়ে অসন্তোষের পাশাপাশি বাণিজ্যের ক্ষেত্রে শুল্ক ও অশুল্ক বাধা যে দুই নিকট প্রতিবেশীর অর্থনৈতিক সম্পর্ক বিকাশে বাধা সেটিও উল্লেখ করেছেন আব্দুল মোমেন। মজার বিষয় হচ্ছে, এখানেও তিনি ভারত কিংবা বাংলাদেশ কোনো দেশের নাম উল্লেখ করেননি।
আব্দুল মোমেন বলেন, বিদ্যমান বাণিজ্য প্রতিবন্ধকতার কারণে বিশ্বের যেকোনো অঞ্চলের তুলনায় কম আন্তবাণিজ্যের অন্যতম হলো দক্ষিণ এশিয়া। বাণিজ্যের সম্ভাবনা পূরণ করতে একটি দেশের হঠাৎ করে শুল্ক ও অশুল্ক বাধা আরোপ করা উচিত নয়। প্রবৃদ্ধির চালিকাশক্তি হচ্ছে বাণিজ্য। এটি বিনিয়োগের সঙ্গে হাত ধরাধরি করে চলে। অর্থনৈতিক ও বাণিজ্যিক সমৃদ্ধির লক্ষ্যে সব দেশেরই এক দেশ থেকে অন্য দেশে বিনিয়োগের ওপর থেকে বিধিনিষেধ প্রত্যাহার করা উচিত।
বাংলাদেশের মতো দক্ষিণ এশিয়ার অন্য দেশগুলোরও সন্ত্রাস ও দারিদ্রের মতো উন্নয়নের পথে অভিন্ন চ্যালেঞ্জ রয়েছে বলে মন্তব্য করেন পররাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, আমরা যখন অভিন্ন সমৃদ্ধির কথা ভাবি, তখন প্রতিবেশীদেরও আমাদের সঙ্গে নিতে হবে। আমরা যখন নিজেদের দেশকে অর্থনীতির কেন্দ্রে পরিণত করতে চাই, সেই সময় বিষয়টিকে দক্ষিণ এশিয়ার একটি দেশের প্রেক্ষাপটে বিবেচনা না করে সমগ্র অঞ্চলকে বিবেচনায় নেওয়াই শ্রেয়।
প্রায় সাত মাসের বিরতি শেষে এবার ভারত সফর করছেন পররাষ্ট্রমন্ত্রী। গত বছরের সেপ্টেম্বরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফরের সময় সফরসঙ্গী হিসেবে দিল্লি যাওয়ার কথা ছিল তাঁর। কিন্তু একেবারে শেষ মুহূর্তে প্রধানমন্ত্রীর সফরসঙ্গীর তালিকা থেকে তিনি বাদ পড়েন।
কারণ, ওই সফরের ঠিক আগে আগস্টে চট্টগ্রামে জন্মাষ্টমীর এক অনুষ্ঠানে গিয়ে আব্দুল মোমেন বলেছিলেন, ‘আমি ভারতে গিয়ে বলেছি, শেখ হাসিনাকে টিকিয়ে রাখতে হবে। দুই দেশেরই রাজনৈতিক স্থিতিশীলতা প্রয়োজন। এটি সম্ভব, যদি শেখ হাসিনার সরকারকে সমর্থন দেয় ভারত।’ শীর্ষ নেতৃবৃন্দের বৈঠকের ঠিক আগে পররাষ্ট্রমন্ত্রীর এমন বক্তব্যে দুই দেশের মধ্যে সাময়িকভাবে অস্বস্তি তৈরি হয়েছিল।