ফাগুন আর ভালোবাসার বইমেলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্মারক বক্তৃতাসমগ্র

আহমদ শরীফ

আগামী প্রকাশনী

রসিকজন জল থইথই করে আমার মন...কথা থামিয়ে গেয়ে উঠলেন একজন কবি। মুগ্ধতার রেশ ছড়িয়ে গেল মেলার এক প্রান্তে। প্রতিদিন বিকেলের আয়োজন ‌‘লেখক বলছি’ অনুষ্ঠানে আলোচনায় গতকাল মঙ্গলবার পয়লা ফাল্গুন আর ভালোবাসা দিবসে নিজের লেখা গান শুনিয়েছেন কবি হাসান মাহমুদ। গানের সুরের মতো ভালোবাসার রং ছড়িয়েছিল মেলায়। রাজধানীর উত্তরখান থেকে আসা দীপন ও অর্চনা দাস দম্পতি তাঁদের ১০ মাস বয়সী ছেলের জন্য কিনেছেন এক হাজার ছবি নামে একটি বই। মায়ের কোলে ঘুমন্ত সন্তানকে দেখিয়ে দীপন দাস বলেন, ছেলের জীবনের প্রথম মেলা আর প্রথম বই কেনা স্মৃতি হয়ে থাকবে।

গতকালের মেলার প্রাঙ্গণ ছিল ক্রেতার চেয়ে বেশি পরিবার আর বন্ধুদের সঙ্গে বেড়াতে আসার স্থান। হাতে হাত রেখে ঘুরেছেন যুগল। তবে মেলার প্রবেশমুখে ছিল এক প্রতিবাদ। রাজু ভাস্কর্যের সামনে দাঁড়িয়ে ছিলেন রবীন্দ্রনাথ! হাতে গীতাঞ্জলি বইটিতে পেরেক গেঁথে দেওয়া। চারুকলার ছাত্র শিমুল কুম্ভকার সহপাঠীদের নিয়ে বানিয়েছেন এটি। বাঁশ, থার্মোকল ও বইয়ের পৃষ্ঠা দিয়ে তৈরি এই ভাস্কর্য বাক্‌স্বাধীনতা চাওয়ার দাবি। শিমুল বলেন, এ হচ্ছে শিল্প দিয়ে প্রতিবাদ। ভিড় হলেও বই কম বিক্রি হওয়ার তাপটা পাওয়া গেল আগামী প্রকাশনীর স্বত্বাধিকারী ওসমান গনির কথায়। তিনি বলেন, ‘যত ভিড় হয়, তেমন বিক্রি হয় না। খারাপ দিক হচ্ছে, মেলায় পাইরেটেড বই এবং বিদেশি বাংলা বই দেদার বিক্রি হচ্ছে যা নীতিমালা পরিপন্থী। আমরা কিন্তু এই বইমেলা চায়নি।’ তবে কথাসাহিত্যিক ফরিদ কবির বলেন ‘দশ–পনেরো বছর ধরেই মেলার চেহারা এমন। যত মানুষ আসে, তত মানুষ বই কেনেন না। কিন্তু আশির দশকে এমন ছিল না।’ মেলায় নালন্দা প্রকাশনী থেকে প্রকাশিত জান্নাতুন নাঈম প্রীতির লেখা একটি বই নিষিদ্ধ করেছে টাস্কফোর্স কমিটি।

আশালতা

বিশ্বজিৎ চৌধুরী

প্রথমা প্রকাশন

এত ঘটনার ভেতরও ভালো ভালো বই আসছে। মেলার বয়সের সঙ্গে বাড়ছে নতুন বইয়ের সংখ্যা। গতকাল নতুন বই এসেছে ৯৩টি। এসেছে প্রয়াত কবি রফিক আজাদের রচনাসমগ্র। আগামী প্রকাশনী পয়লা ফাল্গুনে এনেছে ‌আহমদ শরীফ স্মারক বক্তৃতা সমগ্র। গতকাল মেলায় পুরোনো বইও খুঁজতে দেখা গেছে পাঠককে। সংহতি স্টলে গিয়ে এক পাঠক খুঁজলেন নূরুল কবিরের লেখা ‌বার্থ অব বাংলাদেশ দ্য পলিটিকস অব হিস্ট্রি অ্যান্ড দ্য হিস্ট্রি অব পলিটিকস বইটি। প্রথমা প্রকাশনে তখন শাহাদুজ্জামানের মামলার সাক্ষী ময়না পাখি বইটি কিনলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কাজী মারুফুল ইসলাম। মোরশেদ শফিউল হাসানের লেখা আত্মপরিচয়ের সংকট ও আমাদের বাঙালিত্বর মতো বই যেমন খুঁজেছে সিরিয়াস পাঠক, পাশাপাশি বিশ্বজিৎ চৌধুরীর লেখা আশালতারও খোঁজ হয়েছে ভালোবাসার দিনে।

বইমেলার পুরো আয়োজনটিই এক ভালোবাসার প্রতীক। ফুলবাড়িয়া থেকে ইব্রাহিম এসেছিল ওর তিন বছরের ঘোড়া বাহাদুরকে নিয়ে। বাহাদুরের শরীর লাল মখমলে ঢাকা। হেতু জানতে চাইলে ইব্রাহিম চওড়া হাসি দিয়ে জানাল, সুন্দর লাগে। হাসিটুকু বাহাদুরের জন্য ইব্রাহিমের ভালোবাসা।