প্রধানমন্ত্রীর সঙ্গে বিমানবাহিনীর প্রধানের সৌজন্য সাক্ষাৎ
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বিমানবাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন।
আজ বুধবার সকালে জাতীয় সংসদ সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সাক্ষাৎকালে দেশের আকাশসীমার সার্বিক নিরাপত্তা, জাতীয় প্রতিরক্ষাব্যবস্থা শক্তিশালীকরণ, দুর্যোগ মোকাবিলায় জনসেবামূলক কাজ অব্যাহত রাখা ইত্যাদি বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয়।
এ সময় বিমানবাহিনীর প্রধান বিমানবাহিনীর বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম সম্পর্কে প্রধানমন্ত্রীকে অবগত করেন। প্রধানমন্ত্রী সার্বভৌমত্ব রক্ষায় বাংলাদেশ বিমানবাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি বজায় রাখার আহ্বান জানিয়েছেন বলে আইএসপিআরের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।