জাতীয় সংগীত দিয়ে প্রথম আলোর প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান শুরু
‘আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবািস’—জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে প্রথম আলোর ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান শুরু হয়েছে। আজ বুধবার সকালে রাজধানীর ফার্মেগেটের কৃষিবিদ ইনস্টিটিউশনের (কেআইবি) মিলনায়তনে এ অনুষ্ঠান শুরু হয়েছে।
এতে ঢাকার পাশাপাশি সারা দেশে কর্মরত প্রথম আলোর প্রতিনিধিরা অংশ নিচ্ছেন। অনুষ্ঠানে প্রথম আলোর ভবিষ্যৎ কর্মপরিকল্পনা, নতুন ভাবনা ও সংবাদমাধ্যমের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হবে।
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চার দিন মূল পত্রিকার সঙ্গে আজ ‘সময়ের চালচিত্র’ শীর্ষক ক্রোড়পত্র প্রকাশিত হয়েছে। এ ছাড়া ৬, ৮ ও ১০ নভেম্বর আরও তিনটি ক্রোড়পত্র প্রকাশিত হবে। এসব ক্রোড়পত্রে উঠে আসবে দেশের মানুষ ও সমাজের নানা দিক, রাষ্ট্রের সঙ্গে নাগরিকদের সম্পর্ক, নতুন প্রজন্মের ভাবনা এবং ভবিষ্যতের বাংলাদেশ নিয়ে নানা প্রশ্ন ও বিশ্লেষণ।
‘যা কিছু ভালো, তার সঙ্গে প্রথম আলো’ ভাবনা নিয়ে ১৯৯৮ সালের ৪ নভেম্বর বেরিয়েছিল প্রথম আলোর প্রথম সংখ্যা। ঝকঝকে ছাপা, রঙিন ছবি, ১২ পৃষ্ঠার কাগজ, প্রতিদিন নতুন নতুন ফিচার পাতা, দলনিরপেক্ষতার অঙ্গীকার, বস্তুনিষ্ঠতার চর্চা, পেশাদারত্বের উৎকর্ষ আর নতুনকে মেনে নেওয়ার অবিরাম প্রয়াস—সব মিলিয়ে প্রথম আলো হয়ে ওঠে বাংলাদেশের মানুষের এক অপরিহার্য সঙ্গী। হয়ে ওঠে পরিবারেরই একজন।
অল্প কয়েক বছরের মধ্যে প্রথম আলো লাভ করে সর্বাধিক প্রচারিত দৈনিকের সম্মান। নানা রকমের বাধা, প্রতিকূলতা পেরিয়ে সত্যে তথ্যে প্রথম আলো আজ শুধু একটা কাগজ নয়, একটা ডিজিটাল প্ল্যাটফর্মও। দেশের গণ্ডি পেরিয়ে সারা বিশ্বে প্রথম আলো লাভ করেছে বাংলাভাষী পাঠকদের উষ্ণ অভ্যর্থনা, তেমনি ওয়ান-ইফরা বা ইনমার মতো আন্তর্জাতিক সংগঠন থেকে এ গণমাধ্যম লাভ করছে সম্মানজনক স্বীকৃতি, বিশ্বসেরা আর এশিয়ার সেরার পুরস্কার।