সরকারের সঙ্গে আলোচনার পাশাপাশি আন্দোলন অব্যাহত রাখতে চায় হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অর্পিত সম্পত্তি প্রত্যর্পণ আইনের যথাযথ বাস্তবায়ন, সংখ্যালঘু সুরক্ষা আইন প্রণয়ন ও সংখ্যালঘুবিষয়ক জাতীয় কমিশন গঠনসহ সাত দফা দাবি আদায়ে সরকারের সঙ্গে আলোচনা চালিয়ে যাবে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ। একই সঙ্গে দাবি আদায়ে রাজপথে আন্দোলন চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে তারা।

সোমবার ঐক্য পরিষদের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির বৈঠকে এসব সিদ্ধান্ত হয়। এ বৈঠকে সভাপতিত্ব করেন ঐক্য পরিষদের অন্যতম সভাপতি অধ্যাপক নিম চন্দ্র ভৌমিক।

১২ এপ্রিল প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের ৯ সদস্যের প্রতিনিধিদল। ওই সাক্ষাতে সরকারি দলের বিগত নির্বাচনী ইশতেহারে প্রতিশ্রুত ধর্মীয় ও জাতিগত সংখ্যালঘু স্বার্থবান্ধব সাত দফা প্রতিশ্রুতি পূরণে প্রধানমন্ত্রীর সরাসরি ভূমিকা গ্রহণের আহ্বান জানানো হয়। নির্বাচনী ইশতেহারে এ–সংক্রান্ত অঙ্গীকারগুলোর মধ্যে ছিল অর্পিত সম্পত্তি প্রত্যর্পণ আইনের যথাযথ প্রয়োগ ও বাস্তবায়ন, সংখ্যালঘু সুরক্ষা আইন প্রণয়ন ও সংখ্যালঘুবিষয়ক জাতীয় কমিশন গঠন, দেবোত্তর সম্পত্তি সংরক্ষণ আইন প্রণয়ন, বৈষম্য বিলোপ আইন প্রণয়ন, পার্বত্য চট্টগ্রাম শান্তিচুক্তির পূর্ণ বাস্তবায়ন ও পার্বত্য ভূমি কমিশন যথাযথ কার্যকরীকরণ এবং সমতলের আদিবাসীদের জন্য পৃথক ভূমি কমিশন গঠন।

সোমবার ঐক্য পরিষদের বৈঠকে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎকারী নেতারা সাক্ষাতের আলোচনার বিষয়বস্তু তুলে ধরেন। এই পরিপ্রেক্ষিতে প্রধানমন্ত্রী তাঁর নির্বাচনী ইশতেহারে দেওয়া প্রতিশ্রুতিসমূহ দ্রুত বাস্তবায়নে এগিয়ে আসবেন বলে বৈঠকে আশা প্রকাশ করা হয়।

বৈঠকে দাবি আদায়ে সরকারের সঙ্গে আলোচনার পাশাপাশি রাজপথের আন্দোলনও অব্যাহত রাখার সিদ্ধান্ত গৃহীত হয়। আন্দোলনের চূড়ান্ত কর্মসূচিতে যাওয়ার আগে আগামী মে ও জুন মাসে কেন্দ্রীয় কমিটির বর্ধিত সভা, আটটি বিভাগীয় প্রতিনিধি সভা আয়োজনের সিদ্ধান্তও নেওয়া হয়।

এ ছাড়া সুশীল সমাজ, মানবাধিকার সংগঠন, সাংস্কৃতিক ও নারী সংগঠন, বিদেশি কূটনীতিক, গণতন্ত্র ও মুক্তিযুদ্ধের পক্ষের সব রাজনৈতিক দল, গণমাধ্যম প্রতিনিধি, ধর্মীয় ও জাতিগত সংখ্যালঘু ও আদিবাসী জনগোষ্ঠীদের সঙ্গে মতবিনিময় সভা করবে ঐক্য পরিষদ।

হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক মনীন্দ্র কুমার নাথের সঞ্চালনায় সোমবারের বৈঠকে বক্তব্য দেন সংগঠনটির অন্যতম সভাপতি নির্মল রোজারিও, সভাপতিমণ্ডলীর সদস্য কাজল দেবনাথ, মিলন কান্তি দত্ত, জয়ন্তী রায়, যুগ্ম সাধারণ সম্পাদক তাপস কুমার পাল প্রমুখ।