৬৪ জেলায় ৬৪টি সাংস্কৃতিক কেন্দ্র নির্মাণের দাবি
স্বাধীনতার পর বৈষয়িক দিক থেকে বাংলাদেশের অনেক অগ্রগতি হলেও সাংস্কৃতিক দিক থেকে পিছিয়েছে দেশ। মূল্যবোধের ঘটেছে অবক্ষয়। এ থেকে উত্তরণে দেশজুড়ে সাংস্কৃতিক কর্মকাণ্ড পরিচালনা করতে হবে। সেজন্য দেশের ৬৪টি জেলায় ৬৪টি মডেল সাংস্কৃতিক কেন্দ্র নির্মাণ করা দরকার। আজ বৃহস্পতিবার একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির ৩১তম প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনায় অংশ নিয়ে দেশের সাংস্কৃতিক ও বুদ্ধিবৃত্তিক অঙ্গনের বিশিষ্টজনেরা এসব কথা বলেছেন।
বাংলা একাডেমির আবদুল করিম সাহিত্যবিশারদ মিলনায়তনে দিনব্যাপী নির্মূল কমিটির প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান হয়। বেলা ১১টা থেকে একটা পর্যন্ত ছিল প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা পর্ব। দুপুরের পর নির্মূল কমিটির সাংস্কৃতিক স্কোয়াডের প্রতিনিধি সম্মেলন হয়। বিকেলে ছিল সাংস্কৃতিক অনুষ্ঠান।
আলোচনা পর্বে প্রধান অতিথি ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। তিনি বলেন, ‘পঁচাত্তরে আমরা হঠাৎ একটা হোঁচট খেয়েছিলাম। মনে হয়েছিল যে আমরা স্বপ্ন দেখছি কি না৷ রাজাকার-আলবদরের গাড়িতে আমাদের জাতীয় পতাকা দেখতে হয়েছে৷’ অসাম্প্রদায়িক ও প্রগতিশীল বাংলাদেশের পক্ষে একাত্তরের ঘাতক-দালাল নির্মূল কমিটির ধারাবাহিক তৎপরতার ভূয়সী প্রশংসা করেন স্বরাষ্ট্রমন্ত্রী। ভবিষ্যতেও এ তৎপরতা অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করেন তিনি।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ৷ তিনি বলেন, ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যার মধ্য দিয়ে সোনার বাংলা গড়ার স্বপ্নের কবর রচিত হয়েছিল৷ সেই স্বপ্নকে আবার জাগিয়ে তোলে একাত্তরের ঘাতক-দালাল নির্মূল কমিটি৷’ তিনি আরও বলেন, বাঙালি সংস্কৃতির অন্যতম অনুষঙ্গ যাত্রাপালার জন্য নির্দিষ্ট জায়গা হিসেবে সোহরাওয়ার্দী উদ্যানের মুক্তমঞ্চ একটি অসাধারণ জায়গা হবে। যাত্রাপালার জন্য এই জায়গাকে বেছে নেওয়ার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া প্রয়োজন।
আলোচনায় অংশ নিয়ে নাট্যজন রামেন্দু মজুমদার বলেন, ‘বৈষয়িক দিক থেকে বাংলাদেশের অনেক উন্নয়ন হয়েছে। কিন্তু একই সঙ্গে পাল্লা দিয়ে আমাদের মূল্যবোধের চরম অবক্ষয় হয়েছে। এই অবক্ষয় রোধ করার একমাত্র শক্তি হচ্ছে, আমাদের সংস্কৃতি। তৃণমূল পর্যায়ে সংস্কৃতিকে যদি আবার নতুন করে জাগ্রত করতে পারি, তাহলে একটা বড় কাজ হবে। কিন্তু সবচেয়ে কম বরাদ্দের মন্ত্রণালয়ের মধ্যে সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয় অন্যতম। এটা করলে হবে না। সংস্কৃতি খাতে আমাদের প্রণোদনা দিতে হবে।’
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের সাবেক অধ্যাপক ও লেখক মুনতাসীর মামুন বলেন, ‘সামনে নির্বাচন। বিএনপি-জামায়াত আবার সক্রিয় হচ্ছে। তারা আগ্রাসীভাবে অগ্রসর হচ্ছে। এর পরিপ্রেক্ষিতে সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়, শিক্ষা মন্ত্রণালয় ও মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় একটি সমন্বিত কর্মসূচি নেওয়া দরকার।’ তিনি বলেন, নির্বাচনের আগে সংস্কৃতিকর্মীদের প্রণোদনা দিয়ে ওয়াজ মাহফিল থেকে শুরু করে বিভিন্ন অপব্যাখ্যার বিরুদ্ধে রুখে দাঁড়ানোর জন্য সরকারের অবিলম্বে একটা বিশেষ তহবিল গঠন করা দরকার। সাংস্কৃতিক ক্ষেত্রে জিডিপি না বাড়ালে যাত্রাপাত্রার বদলে বিকৃত ওয়াজই শুনতে হবে, যা ভ্রাতৃত্ববোধকে বিচ্ছিন্ন করে।
মুনতাসীর মামুন বলেন, ‘বিভিন্ন মসজিদে যেসব বয়ান হচ্ছে, সেগুলো ভয়ংকর সরকারবিরোধী বয়ান। ধর্মের সঙ্গে আমাদের কোনো বিরোধ নেই। কিন্তু অপওয়াজকে প্রতিরোধ করতে হবে। সেই লক্ষ্যে সাংস্কৃতিক কর্মকাণ্ডের জন্য ৬৪টি জেলায় ৬৪টি মডেল সাংস্কৃতিক কেন্দ্র করলে অসুবিধাটা কোথায়? এটা আমাদের একটা প্রস্তাব থাকবে।’
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি শাহরিয়ার কবির। তিনি বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিন্ন ধর্ম, ভিন্নমত ও ভিন্ন জীবনধারায় বিশ্বাসী মানুষ এবং আমাদের সংবিধানের বিরুদ্ধে ঘৃণা-বিদ্বেষ ছড়ানো হচ্ছে। সরকার বা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একার পক্ষে এগুলো দমন করা সম্ভব নয়। নাগরিক সমাজসহ বিভিন্ন সংগঠনকে সম্পৃক্ত করে এগুলো মোকাবিলা করতে হবে। এ ক্ষেত্রে ঘাতক-দালাল নির্মূল কমিটি সব সময় পাশে থাকবে।
এর আগে বেলা ১১টায় জাতীয় সংগীত পরিবেশন ও জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে শুরু হয় ঘাতক দালাল নির্মূল কমিটির এ আয়োজনের আনুষ্ঠানিকতা। এরপর মিলনায়তনের ভেতরে অনুষ্ঠানের উদ্বোধন করেন নরওয়ের লোকসংগীত–গবেষক, লেখক ও আলোকচিত্রশিল্পী ওয়েরা সেথের। পরে নির্মূল কমিটির সাংস্কৃতিক স্কোয়াডের পক্ষ থেকে অতিথি ও আলোচকদের উত্তরীয় পরিয়ে দেওয়া ও সংগীত পরিবেশনার পর শুরু হয় আলোচনা পর্ব৷
নির্মূল কমিটির আইটি সেলের সভাপতি শহীদসন্তান আসিফ মুনীরের সঞ্চালনায় আলোচনা পর্বে অন্যদের মধ্যে সংগঠনের সহসভাপতি শহীদজায়া শ্যামলী নাসরিন চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা ও গ্রাম থিয়েটারের সভাপতি নাসির উদ্দীন ইউসুফ, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি গোলাম কুদ্দুছ এবং ফরিদা পারভীন ফাউন্ডেশনের সভাপতি সংগীতশিল্পী ফরিদা পারভীন বক্তব্য দেন৷