রাজধানীর গাবতলী আন্তজেলা বাস টার্মিনালে যাত্রীদের তুলনামূলক উপস্থিতি কম। ফলে মোট আসনের কম যাত্রী নিয়ে গন্তব্যের উদ্দেশে ছেড়ে যাচ্ছে দূরপাল্লার বাস। যাত্রীর সংখ্যা কম হওয়ায় অধিকাংশ বাসই সঠিক সময়ে ছাড়ছে না।
এদিকে রাজধানী সড়কে ব্যক্তিগত যান ও ছোট যানবাহনের চলাচল বেড়েছে। তবে গত কয়েক দফার অবরোধের দিনগুলোর মতো সড়কে গণপরিবহন কিছুটা কম। এতে বিভিন্ন জায়গায় বাসের অপেক্ষায় যাত্রীদের দাঁড়িয়ে থাকতে দেখা যায়।
আজ বৃহস্পতিবার গাবতলী বাস টার্মিনাল, মোহাম্মদপুর, আসাদগেট, কলেজগেট, শ্যামলী, কল্যাণপুর, টেকনিক্যাল বাসস্ট্যান্ড এলাকায় এমন দেখা গেছে।
সরকারের পদত্যাগ, নির্দলীয় সরকারের অধীন নির্বাচন এবং দলের মহাসচিবসহ গ্রেপ্তার নেতা-কর্মীদের মুক্তির দাবিতে ধারাবাহিক কর্মসূচি পালন করছে বিএনপি সমমনা বিভিন্ন দল ও জোট। এ দাবিতে আজ হরতাল কর্মসূচি পালন করছে বিএনপি। গতকাল বুধবার ছিল বিএনপির ডাকা অষ্টম দফার অবরোধ।
সরেজমিন দেখা যায়, গাবতলী টার্মিনালে এক-দুজন করে যাত্রী পরিবার-স্বজন নিয়ে আসছেন। যাত্রীরা টার্মিনালে পৌঁছামাত্রই বিভিন্ন পরিবহন কোম্পানির প্রতিনিধিরা গন্তব্যের নাম, বাসের নাম ও ছাড়ার সময় বলে তাঁদের ডাকছেন।
আজ হরতাল থাকলেও সকাল থেকেই দূরপাল্লার বিভিন্ন গন্তব্যের উদ্দেশে বাস ছাড়া হচ্ছে বলে জানান বিভিন্ন পরিবহন কোম্পানির প্রতিনিধিরা। তবে যাত্রীর সংখ্যা তুলনামূলক কম থাকায় যে সময়ে বাস ছাড়ার কথা ছিল, সে সময়ে ছাড়ছে না।
সকাল সাড়ে ৯টার দিকে গাবতলী টার্মিনালে গিয়ে দেখা যায়, টিকিট বিক্রির কাউন্টারগুলো খোলা। কাউন্টারের ভেতরে ও সামনে বাস কোম্পানির প্রতিনিধিরাও দায়িত্ব পালন করছেন। কোনো যাত্রী দেখলেই কোথায় যাবেন, তা জানতে চাইছেন তাঁরা। যাত্রীরা কাউন্টারগুলোয় নিজেদের গন্তব্যের টিকিটের খোঁজ করেন। অনেকেই আবার টিকিট কেটে বাস ছাড়ার অপেক্ষায় ছিলেন।
শ্যামলী পরিবহনের টিকিট বিক্রয় প্রতিনিধি আসাদুর রহমান বলেন, যাত্রী থাকলে হরতাল-অবরোধ যা-ই থাকুক, বাস চলবে। এত দিন যাত্রী সেভাবে না থাকায় অবরোধ হলেই বাস বন্ধ থাকত। সকাল থেকে ভালোই যাত্রী আসছেন বলে জানান তিনি।
ইউনিক পরিবহনের একটি বাসে চুয়াডাঙ্গার দর্শনা যেতে টিকিট কেটে বাস ছাড়ার অপেক্ষা করছিলেন রাহাত আল ফয়সাল। সঙ্গে ছিলেন স্ত্রী আর সন্তান। সকাল ৯টা ৪০ মিনিটের দিকে কথা হয় রাহাতের সঙ্গে। তিনি বলেন, ‘সাড়ে আটটার দিকে টার্মিনালে আসি। সাড়ে ৯টার গাড়ির টিকিট কেটেছি। কিন্তু এখনো বাস ছাড়েনি। কাউন্টার থেকে বলেছে, দেরি হবে।’
পরে ৯টা ৫৫ মিনিটের দিকে রাহাতদের ইউনিক পরিবহনের একটি বাসে ওঠানো হয়। বাসচালক সাইদুর রহমান তখন জানান, পর্যাপ্ত যাত্রী না হওয়ায় সঠিক সময়ে বাস ছাড়া সম্ভব হচ্ছে না। তবে যাত্রী ওঠানো হয়েছে। আর এক-দুজন যাত্রী পেলেই বাস ছাড়া হবে। বাসটি চুয়াডাঙ্গা, দর্শনা ও জীবননগর এলাকায় যাবে বলে তিনি জানান।
হানিফ পরিবহনের কাউন্টার মাস্টার জুয়েল হায়দার প্রথম আলোকে জানান, সকাল ৬টা থেকে সাড়ে ৯টার মধ্যে তাঁদের ৪টি গাড়ি ছাড়া হয়েছে। এগুলো বেনাপোল, সাতক্ষীরা ও খুলনা এলাকায় গেছে। আরেকটি গাড়ির টিকিট বিক্রি হচ্ছে, যেটা সাড়ে ১০টায় ছাড়া হবে।
গাবতলী বাস টার্মিনালের দায়িত্বে থাকা ঢাকা উত্তর সিটির প্রতিনিধিরা জানান, সকাল ৬টা থেকে সাড়ে ৯টা পর্যন্ত ১৩টি বাস বিভিন্ন গন্তব্যের উদ্দেশে ছেড়ে গেছে। আরও অনেক বাস ছাড়ার জন্য প্রস্তুত আছে।
এদিকে রাজধানীতে সিটি বাসগুলোর চলাচল স্বাভাবিক দেখা গেছে। তবে অন্যান্য অবরোধের তুলনায় সড়কে গণপরিবহন কিছুটা কম দেখা গেছে। গন্তব্যে যেতে যাত্রীদের বাসের জন্য রাস্তায় দাঁড়িয়ে অপেক্ষা করতে দেখা যায়।
সড়কে যানচলাচল কিছুটা কম থাকায় সাড়ে ৯টার দিকে মোহাম্মদপুর থেকে আসাদগেট হয়ে গাবতলী সড়কে কোথাও তেমন যানজট দেখা যায়নি। মোহাম্মদপুর থেকে গাবতলী যেতে মোটরসাইকেলে এই প্রতিবেদকের ১৪ মিনিট সময় লেগেছে। সকাল ৯টা ২৩ মিনিটে মোহাম্মদপুর বাসস্ট্যান্ড থেকে রওনা হয়ে এই প্রতিবেদক গাবতলী পৌঁছান ৯টা ৩৭ মিনিটে।
এ সময় আসাদগেট, গণভবন, কলেজগেট, শ্যামলী, কল্যাণপুর, টেকনিক্যাল, কোথাও সিগন্যালে কিংবা যানজটে আটকাতে হয়নি। তবে মোহাম্মদপুর, শ্যামলী, কল্যাণপুর ও টেকনিক্যাল এলাকায় লোকজনকে বাসের জন্য দাঁড়িয়ে থাকতে দেখা গেছে।