ছয় মাসের জামিন পেলেন বিএনপি নেতা আবদুস সালাম ও শহীদ উদ্দীন
রাজধানীর নয়াপল্টনে গত ৭ ডিসেম্বর পুলিশের সঙ্গে বিএনপির নেতা-কর্মীদের সংঘর্ষের ঘটনায় করা মামলায় দলটির ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক আবদুস সালাম ও দলটির প্রচার সম্পাদক শহীদ উদ্দীন চৌধুরী (এ্যানী) ছয় মাসের অন্তবর্তীকালীন জামিন পেয়েছেন।
জামিন চেয়ে তাদের করা এক আবেদনের শুনানি নিয়ে বিচারপতি মো. আকরাম হোসেন চৌধুরী ও বিচারপতি শাহেদ নূরউদ্দিনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ আজ সোমবার রুলসহ এ জামিন দেন।
ওই মামলায় জামিন চেয়ে সর্বশেষ ৫ জানুয়ারি ঢাকার মহানগর দায়রা জজ আদালতে বিফল হন বিএনপির এই দুই নেতা। এরপর হাইকোর্টে জামিন চেয়ে গতকাল আবেদন করেন তাঁরা। আদালতে বিএনপির দুই নেতার পক্ষে জ্যেষ্ঠ আইনজীবী জয়নুল আবেদীন শুনানি করেন, সঙ্গে ছিলেন আইনজীবী জহিরুল ইসলাম। রাষ্ট্রপক্ষে ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. মহিউদ্দিন দেওয়ান ও সহকারী অ্যাটর্নি জেনারেল নুরুনাহার আক্তার শুনানিতে ছিলেন।
জামিন মঞ্জুর হওয়ার ফলে আবদুস সালাম ও শহীদ উদ্দীনের কারামুক্তিতে আইনি বাধা নেই বলে জানিয়েছেন তাঁদের আইনজীবী জহিরুল ইসলাম। তিনি প্রথম আলোকে বলেন, ‘পল্টন থানার ওই মামলায় গত ৮ ডিসেম্বর থেকে তাঁরা কারাগারে আছেন। এই মামলায় তাঁদের বিরুদ্ধে সুনির্দিষ্ট কোনো অভিযোগ নেই। এই মামলায় হাইকোর্ট থেকে ওই দুই নেতা, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসসহ পাঁচজন এবং অধস্তন আদালত থেকে তিনজন নেতা–কর্মী জামিন পেয়েছেন।’
রুলে জামিন আবেদনকারীদের (সালাম ও শহীদ উদ্দীন) কেন নিয়মিত জামিন দেওয়া হবে না, তা জানতে চাওয়া হয়েছে। রাষ্ট্রপক্ষকে চার সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে।
গত ৭ ডিসেম্বর রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে পুলিশের সঙ্গে দলটির নেতা-কর্মীদের সংঘর্ষ হয়। এতে একজন নিহত ও অর্ধশতাধিক ব্যক্তি আহত হন। সংঘর্ষের পর পুলিশ বিএনপির কার্যালয়ে অভিযান চালিয়ে ৪৫০ নেতা-কর্মীকে গ্রেপ্তার করে। বিএনপির কার্যালয়ে অভিযান ও নয়াপল্টনে সংঘর্ষের ঘটনায় পল্টন, মতিঝিল ও শাহজাহানপুর থানায় একটি করে এবং রমনা থানায় দুটি মামলা করে পুলিশ।