জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ১৯ এপ্রিল থেকে স্নাতক প্রথম বর্ষের ক্লাস শুরু

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ছবি: প্রথম আলো

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ক্লাস আগামী ১৯ এপ্রিল থেকে শুরু হবে। আজ শুক্রবার কলা ও আইন অনুষদভুক্ত ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা পরিদর্শন শেষে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক রেজাউল করিম এ তথ্য জানান।

উপাচার্য বলেন, অত্যন্ত সুশৃঙ্খলভাবে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। কারও পক্ষ থেকে কোনো ধরনের অভিযোগ আসেনি।

অধ্যাপক রেজাউল করিম বলেন, ‘গত বছর প্রথম বর্ষের পরীক্ষা ২২ জুন থেকে শুরু হয়েছিল। আমরা দুই মাস এগিয়ে এনেছি। এভাবে আমরা সেশনজট কমিয়ে নিয়ে আসব।’

প্রশ্নপত্রের ধরন সম্পর্কে উপাচার্য বলেন, ‘প্রতিবছর ডিনদের নিয়ে ভর্তি পরীক্ষা কমিটি হয়। তাঁরা সিদ্ধান্ত নেন, কেমন হবে প্রশ্ন। বিভিন্ন কারণে আমরা এবার শুধু এমসিকিউতে (বহুনির্বাচনী) পরীক্ষা নিয়েছি। প্রয়োজনের আলোকে আগামীবার লিখিত পরীক্ষা যুক্ত হতে পারে।’

বিশ্ববিদ্যালয় প্রশাসন সূত্রে জানা গেছে, ২০২৫-২৬ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) ও বিবিএ প্রথম বর্ষে মোট ২ হাজার ৮১৫টি আসনের বিপরীতে আবেদন করেছেন ২ লাখ ১৪ জন ভর্তিচ্ছু। সেই হিসাবে প্রতি আসনের বিপরীতে লড়ছেন ৭১ জন পরীক্ষার্থী।

এর আগে গত ১৩ ডিসেম্বর ‘ই’ ইউনিটের (চারুকলা অনুষদ) পরীক্ষার মাধ্যমে এবারের ভর্তি পরীক্ষা শুরু হয়। এই ইউনিটে পরীক্ষার্থী ছিলেন ১ হাজার ২৫১ জন। গত ২০ নভেম্বর থেকে ৫ ডিসেম্বর পর্যন্ত অনলাইনে আবেদনের সুযোগ পেয়েছিলেন শিক্ষার্থীরা।

অন্যান্য ইউনিটের মধ্যে ২৬ ডিসেম্বর বিজ্ঞান ও লাইফ অ্যান্ড আর্থ সায়েন্স অনুষদভুক্ত ‘এ’ ইউনিট, ২৭ ডিসেম্বর ব্যবসায় শিক্ষা অনুষদভুক্ত ‘সি’ ইউনিট এবং ৯ জানুয়ারি সামাজিক বিজ্ঞান অনুষদভুক্ত ‘ডি’ ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হয়।

আজ বেলা ৩টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত ‘বি’ ইউনিটের পরীক্ষার মাধ্যমে এবারের ভর্তি পরীক্ষা শেষ হলো।

বিশ্ববিদ্যালয়ের নিজস্ব তত্ত্বাবধানে বহুনির্বাচনী (এমসিকিউ) পদ্ধতিতে এসব পরীক্ষা নেওয়া হয়েছে। ‘এ’ ও ‘বি’ ইউনিটের পরীক্ষা ঢাকার পাশাপাশি চারটি বিভাগীয় শহরে অনুষ্ঠিত হয়েছে।

পরীক্ষার ফলাফল যথাসময়ে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশ করা হবে বলে জানানো হয়েছে।