ইলেকট্রনিক পণ্য ও মেরামতের অধিকার

ই-বর্জ্যের পরিমাণ বাড়ছেরয়টার্স
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

উৎপাদক প্রতিষ্ঠান বা ব্র্যান্ডগুলোর একচেটিয়া প্রভাব কমাতে সম্প্রতি ভারতে মেরামতের অধিকার নিয়ে আইন পাসের উদ্যোগ নেওয়া হয়েছে। মুঠোফোন, কম্পিউটার, ট্যাবলেটসহ অন্যান্য ইলেকট্রনিক গ্যাজেট তৃতীয় পক্ষের কাছ থেকে ভোক্তারা যাতে কম খরচে মেরামত করতে পারে, এ আইনের উদ্দেশ্য সেটাই। প্রস্তাবিত আইনে উৎপাদনকারীরা বাধ্য থাকবেন পণ্য উৎপাদনপ্রক্রিয়ার সব তথ্য-উপাত্ত প্রকাশ করতে। ফলে উৎপাদক প্রতিষ্ঠান ও তৃতীয় পক্ষের মধ্যে ব্যবসার সম্প্রসারণ ঘটবে, যা মূলত ভোক্তাকে লাভবান করবে। এ ছাড়া এ আইনে মেয়াদোত্তীর্ণ ইলেকট্রনিক গ্যাজেট মেরামত করে পুনরায় ব্যবহারের সুযোগ রাখা হয়েছে। বর্তমানে একটা নির্দিষ্ট সময় পর উৎপাদিত কোম্পানিগুলো পুরোনো কোনো পণ্য মেরামত করে দিতে চায় না। বরং তাদের উৎপাদিত নতুন পণ্য বাজারজাত করতে বেশি আগ্রহী। মেরামতের অধিকার দেওয়া হলে একই জিনিস মেরামত করে অনেক দিন পর্যন্ত ব্যবহার করা যাবে।

আমরা যখন কোনো পণ্য ক্রয় করি, তখন তার ওপর আমাদের পূর্ণ স্বত্ব থাকে। আমরা এটা পুরোপুরি ব্যবহার করতে চাই। ধরেন, আপনি একটি আইফোন কিনলেন। এ ফোনে আপনার স্বত্ব আছে। আপনি চাইলে এটা কাউকে দান, উপহার কিংবা বিক্রয় করতে পারেন। এটাই সাধারণ নিয়ম। কিন্তু এর ব্যতিক্রমও রয়েছে। আপনি যে আইফোন ক্রয় করলেন, এটি নষ্ট হলে কিন্তু আপনি যেখানে ইচ্ছা সেখানে মেরামত করতে পারবেন না। আপনাকে অ্যাপল স্টোরেই এটাকে মেরামত করতে হবে এবং এ মেরামত অনেক ব্যয়বহুল। শুধু মেরামত নয়, অনেক সময় আনুষঙ্গিক পণ্যও সেখান থেকে কিনতে হয়। আপনাকে শুধু অ্যাপলের ফোন কিনলেই হবে না, অ্যাপলের চার্জার, ব্যাটারি, ইয়ার ফোন—সবই আপনাকে একই কোম্পানি থেকে কিনতে হবে। দেখা গেল, শুধু মূল পণ্যটিও নয়, আনুষঙ্গিক পণ্যও সেই কোম্পানি থেকে কিনতে হয়। ফলে অনেকে মেরামতের ব্যয় বহন করতে না পেরে ফোনটিকে অকেজো করে দেয়। এমনও হয়েছে, মেরামতের খরচ ও নতুন কোনো গ্যাজেট কেনার খরচ সমান হয়ে যায়।

ফাইল ছবি
প্রথম আলো

মেরামতের ব্যাপারে ব্র্যান্ডগুলোর এ অবস্থান ভোক্তাদের প্রতি একধরনের ‘মনোপলি’ আচরণ। এ ব্যবস্থায় কয়েক ব্যক্তি অথবা কয়েকটি প্রতিষ্ঠান মিলে বাজারের পণ্য বা সেবার মান নিয়ন্ত্রণ করে। ফলে বাজারের স্বাভাবিক সরবরাহকে বিঘ্নিত করে বাজারের চাহিদা ও জোগানের ভারসাম্য নষ্ট করে। এটা স্পষ্টতই বাংলাদেশে প্রচলিত প্রতিযোগিতা আইন ২০১২–এর ১৫ ও ১৬ ধারার পরিপন্থী। প্রতিযোগিতা আইন প্রণয়ন করা হয়েছে বাজারে কেউ যেন ‘মনোপলি’ সৃষ্টি করে লাভবান হতে না পারে। বর্তমানে কোনো পণ্য মেরামতের ব্যাপারে ব্র্যান্ডগুলোর যে অবস্থান, তা প্রতিযোগিতা আইনের ১৫ ও ১৬ ধারার লঙ্ঘন। কারণ, এর মধ্য দিয়ে ব্র্যান্ডগুলোর একক সরবরাহকে স্বীকার করে নেওয়া হয়।

উৎপাদক কোম্পানিগুলো খুব সহজে মেরামতের অধিকার দিতে রাজি হবে না। তারা চাইবে না তাদের উৎপাদিত পণ্য অন্য কোথাও মেরামত করা হোক। এ জন্য তাদের বড় হাতিয়ার কপিরাইট আইন, ট্রেডমার্ক ও পেটেন্ট আইন। এ ছাড়া মেরামতের অধিকার ইন্টেলেকচুয়াল প্রপার্টি ল বা বুদ্ধিবৃত্তিক আইনের সঙ্গেও কিছুটা সাংঘর্ষিক। কেউ কেউ যুক্তি দিতে পারেন, মেরামত বা আংশিক পুনরুৎপাদনের সুযোগ দেওয়া হলে প্রযুক্তির গোপনীয়তা বলে কিছু থাকবে না। এখানে মেধাস্বত্ব ক্ষতিগ্রস্ত হবে। ফলে নতুন নতুন গবেষণা ও আবিষ্কারে আগ্রহ কমে যাবে।

বাস্তবতা হলো, মেরামতের অধিকার পরিবেশ রক্ষার জন্য খুব জরুরি। একই পণ্য বারবার মেরামত করার সুযোগ থাকলে তা অনেক দিন ধরে ব্যবহার করা যায়। ফলে গ্রাহক সহজে নতুন কোনো পণ্য কিনবেন না। ফলে ইলেকট্রনিক বর্জ্য তৈরির আশঙ্কা অনেক কমে যায়। এতে পরিবেশদূষণ অনেক কমে যাবে।

টিভি, ফ্রিজ ও এসির মতো গৃহস্থালি ছোট ছোট ইলেকট্রনিক পণ্যের বাজারও বড় হচ্ছে
ছবি: প্রথম আলো

যুক্তরাষ্ট্রে ২০২১ সালে প্রেসিডেন্ট জো বাইডেনের এক নির্বাহী আদেশবলে মেরামতের অধিকারকে আংশিকভাবে স্বীকার করে নেওয়া হয়েছে। ইউরোপীয় কমিশন তাদের মেরামত আইনের ক্ষেত্রে কিছুটা ছাড় দিয়েছে। ওয়াশিং মেশিন, রেফ্রিজারেটর ও অন্য কিছু পণ্যে বর্তমান আইনের আওতায় অনেক পণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠানের বাইরেও মেরামত করা যায়। ব্রিটেন গত বছরের জুলাই মাসে আইন পরিবর্তন করে মেরামতের অধিকার দেওয়া হয়েছে। কিন্তু টিভি ও মুঠোফোন এর আওতার বাইরে। অস্ট্রেলিয়ান আইন অনুসারে যৌক্তিক সময়ের মধ্যে মেরামতের আবেদন করলে মেরামতকারী কোম্পানি পণ্যটি ঠিক করে দিতে বাধ্য।

মেরামতের অধিকারের ধারণা তুলনামূলকভাবে নতুন। আমাদের দেশে এখনো এটা নিয়ে তেমন কোনো আলোচনা হয়নি। তবে ভোক্তার অধিকার ও পরিবেশ রক্ষার প্রেক্ষাপটে মেরামতের অধিকার অদূর ভবিষ্যতেই একটি গুরুত্বপূর্ণ বিষয় হিসেবে সামনে আসবে। স্বল্পোন্নত দেশের প্রতিষ্ঠানগুলোর এতে প্রযুক্তিগতভাবে লাভবান হওয়ার সম্ভাবনা আছে।

কাইয়ুম আহমেদ ঢাকা জজ কোর্টের আইনজীবী