গ্রাম সরকার পুনর্বহালের আলোচনা, ৭ নভেম্বর সাধারণ ছুটির সিদ্ধান্ত

প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত হয়। সোমবার সচিবালয়েছবি: প্রধানমন্ত্রীর প্রেস উইং

আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ২০ থেকে ২২ অক্টোবর ছুটি থাকবে। আর ২৩ ও ২৪ অক্টোবর শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি। ফলে ছুটি থাকবে টানা পাঁচ দিন। তবে এর আগের শনিবার (১৭ অক্টোবর) অফিস খোলা থাকবে। প্রতিবছর ৭ নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’-এ সাধারণ ছুটি থাকবে।

গতকাল সোমবার সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এ প্রস্তাব অনুমোদন করা হয়। পরে মন্ত্রিপরিষদ বিভাগের পক্ষ থেকে বৈঠকের সিদ্ধান্ত জানানো হয়।

বৈঠক সূত্রে জানা গেছে, মন্ত্রিসভার বৈঠকে আবারও গ্রাম সরকার পুনর্বহালের বিষয়ে কেউ কেউ প্রস্তাব করেন। তবে এ বিষয়টি পরবর্তী বৈঠকে আলোচ্যসূচিতে রাখার জন্য বলা হয়।

উল্লেখ্য, সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সময় ১৯৭০-এর দশকে ‘গ্রাম সরকার’ নামে একটি স্থানীয় সরকারব্যবস্থা চালু করা হয়েছিল। পরে ২০০৩ সালে আইন করা হলেও পরে তা বাতিল করা হয়। রহিত হওয়া গ্রাম সরকার আইন, ২০০৩ অনুযায়ী ১ জন গ্রাম সরকার প্রধান, ১ জন উপদেষ্টা ও ১৩ জন সদস্যের সমন্বয়ে প্রতিটি ওয়ার্ডে একটি করে গ্রাম সরকার গঠনের কথা বলা ছিল। নারী নির্যাতন, সন্ত্রাস, চুরি, ডাকাতি ইত্যাদি অপরাধ সংঘটিত হওয়ার বিরুদ্ধে সম্মিলিত প্রতিরোধমূলক ব্যবস্থা গড়ে তোলাসহ সুষ্ঠু আইনশৃঙ্খলা নিশ্চিত করা এবং এ–সংক্রান্ত প্রতিবেদন ইউনিয়ন পরিষদে পেশ করা, গ্রামের রাস্তাঘাট, কালভার্ট ইত্যাদি উন্নয়নের জন্য অগ্রাধিকার ভিত্তিতে পরিকল্পনা প্রণয়ন, চলমান প্রকল্পের অগ্রগতি ও আর্থিক বিষয়াদি পর্যালোচনা করা ইত্যাদি কাজ করার কথা ছিল গ্রাম সরকার আইনে।

৭ নভেম্বর সাধারণ ছুটি ঘোষণা

মন্ত্রিসভার বৈঠকে প্রতিবছর ৭ নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’-এ সাধারণ ছুটি রাখার সিদ্ধান্ত হয়েছে। মন্ত্রিপরিষদ বিভাগের জাতীয় ও আন্তর্জাতিক দিবস উদ্‌যাপনসংক্রান্ত পরিপত্রে ‘ক’ শ্রেণিভুক্ত দিবস হিসেবে ৭ নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ পালিত হবে।

ছুটির সিদ্ধান্ত

সরকারি ছুটির তালিকা অনুযায়ী, ২০ অক্টোবর মঙ্গলবার নবমী উপলক্ষে নির্বাহী আদেশে আগেই ছুটি ঘোষণা আছে। পরদিন ২১ অক্টোবর বুধবার বিজয়া দশমী উপলক্ষে সাধারণ ছুটি। ২২ অক্টোবর বৃহস্পতিবারও নির্বাহী আদেশে ছুটি থাকবে। তাই দুর্গাপূজা উপলক্ষে ২০ থেকে ২২ অক্টোবর ছুটি থাকবে। আর ২৩ ও ২৪ অক্টোবর শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি। অবশ্য এই ছুটি শুরু হওয়ার আগে সাপ্তাহিক ছুটির দিন শনিবার (১৭ অক্টোবর) অফিস খোলা থাকবে।

এ বিষয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক ঊর্ধ্বতন কর্মকর্তা কয়েক দিন আগে প্রথম আলোকে বলেছিলেন, এ ছুটি সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত, আধা স্বায়ত্তশাসিত ও বেসরকারি অফিসের ক্ষেত্রেও প্রযোজ্য হবে। অর্থাৎ ছুটির সময় এসব প্রতিষ্ঠান বন্ধ থাকবে।