প্রচণ্ড গরমে অধস্তন আদালতে কালো কোট ও গাউন পরতে হবে না
তাপপ্রবাহের কারণে মামলার শুনানির সময় অধস্তন আদালতের বিচারক ও আইনজীবীরা ক্ষেত্রমতো সাদা ফুলশার্ট বা সাদা শাড়ি/সালোয়ার–কামিজ ও সাদা নেকব্যান্ড/কালো টাই পরতে পারবেন। এ ক্ষেত্রে কালো কোট ও গাউন পরিধান করার আবশ্যকতা নেই।
সুপ্রিম কোর্ট প্রশাসনের এক বিজ্ঞপ্তিতে এমন তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিটি আজ মঙ্গলবার সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে। প্রধান বিচারপতির আদেশ অনুসারে হাইকোর্ট বিভাগের রেজিস্ট্রার (বিচার) মুহাম্মদ শরিফুর রহমান এ বিজ্ঞপ্তি জারি করেন।
সুপ্রিম কোর্ট প্রশাসনের একটি সূত্র জানায়, তাপপ্রবাহের কারণে কয়েকটি জেলা আইনজীবী সমিতির আবেদনের পরিপ্রেক্ষিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়।
অধস্তন দেওয়ানি ও ফৌজদারি আদালত/ট্রাইব্যুনালগুলোর বিচারক ও আইনজীবীদের মামলা পরিচালনাকারী পরিধেয় পোশাক বিষয়ে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে। বিজ্ঞপ্তি অনুযায়ী, দেশের সব অধস্তন দেওয়ানি ও ফৌজদারি আদালত/ট্রাইব্যুনালগুলোর বিচারকেরা কালো কোট, ক্ষেত্রমত সাদা ফুলশার্ট বা সাদা শাড়ি/সালোয়ার কামিজ ও সাদা নেক ব্যান্ড পরিধান করবেন। সে ক্ষেত্রে গাউন পরিধান করার আবশ্যকতা নেই।
বিজ্ঞপ্তিতে বলা হয়, আইনজীবীরা ক্ষেত্রমত সাদা ফুলশার্ট বা সাদা শাড়ি/সালোয়ার–কামিজ ও সাদা নেক ব্যান্ড/কালো টাই পরিধান করবেন। সে ক্ষেত্রে কালো কোট ও গাউন পরিধান করার আবশ্যকতা নেই। এ নির্দেশনা ৭ এপ্রিল (আজ মঙ্গলবার) থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বলবৎ থাকবে।