প্রথম আলো ট্রাস্ট
মাদকবিরোধী স্টিকার ও পোস্টার ডিজাইন প্রতিযোগিতায় পুরস্কার পেল ৬০ শিক্ষার্থী
আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস উপলক্ষে প্রথম আলো ট্রাস্ট আয়োজিত ‘স্টিকার ও পোস্টার ডিজাইন প্রতিযোগিতা ২০২৬’-এর বিজয়ীদের হাতে আনুষ্ঠানিকভাবে পুরস্কার তুলে দেওয়া হয়েছে।
আজ বৃহস্পতিবার বিকেলে রাজধানীর পান্থপথে শেল্টেক্ টাওয়ারের ডা. তৌফিক এম সেরাজ লাউঞ্জে আয়োজিত এক অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিরা ৬০ জন বিজয়ীর হাতে পুরস্কার তুলে দেন।
স্টিকার ও পোস্টার ডিজাইন—এই দুই ক্যাটাগরির প্রতিটিতে ৩টি করে মোট ৬টি বিভাগে প্রতিযোগিতা হয়। ক-বিভাগে প্রথম থেকে পঞ্চম শ্রেণি, খ-বিভাগে ষষ্ঠ থেকে দশম ও গ-বিভাগে একাদশ থেকে দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীরা অংশ নেয়। প্রতিটি বিভাগের প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারীসহ আরও সাতজন বিশেষ পুরস্কারপ্রাপ্তসহ মোট ৬০ জনকে পুরস্কৃত করা হয়। প্রথম পুরস্কার ল্যাপটপ, দ্বিতীয় ও তৃতীয় পুরস্কার স্মার্টফোন। এ ছাড়া সেরা সাতজনকে ক্রেস্ট, মেডেল, সনদ ও সব বিজয়ীকে আঁকা ছবির ফ্রেম দেওয়া হয়।
গত ১৯ জুন থেকে ১০ আগস্ট পর্যন্ত সারা দেশ থেকে ২ হাজার ৫১৭ শিক্ষার্থী তাদের সৃজনশীল ডিজাইন জমা দেয়। বিচারকমণ্ডলী সেরা ডিজাইনগুলো নির্বাচন করেন। বিচারক প্যানেলে ছিলেন জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের সাবেক পরিচালক অধ্যাপক মোহিত কামাল, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক তারিক মনজুর, আর্টিস্ট আনিসুজ্জামান সোহেল, ফারেহা জেবা ও অশোক কর্মকার।
মাদক প্রতিরোধের আহ্বান
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন এনভয় গ্রুপের চেয়ারম্যান ও প্রথম আলো ট্রাস্টের ট্রাস্টি কুতুবউদ্দিন আহমেদ। তিনি বলেন, ‘মাদকের মতো একটি ব্যাধি ও নিষিদ্ধ জিনিস নিয়ে সচেতনতামূলক এবং সৃজনশীল কাজে অংশগ্রহণের জন্য সকলকে ধন্যবাদ জানাই।’
প্রথম আলো ট্রাস্টের চেয়ারম্যান ও বার্জার পেইন্টস বাংলাদেশের কো-অর্ডিনেশন ডিরেক্টর অব জয়েন্ট ভেঞ্চারস অ্যান্ড নন-এক্সিকিউটিভ ডিরেক্টর রূপালী চৌধুরী বলেন, ‘আমাদের অভিভাবক, স্কুলের শিক্ষক ও আইনশৃঙ্খলা রক্ষাকারী সবাইকে মিলে মাদককে না বলতে হবে এবং আমরা এই সমাজকে এগিয়ে নেবই।’
প্রথম আলো ট্রাস্টের মাদকবিরোধী আন্দোলনের নানা কার্যক্রম তুলে ধরে কথাসাহিত্যিক ও প্রথম আলো ট্রাস্টের ট্রাস্টি আনিসুল হক বলেন, ‘অ্যাসিড–সন্ত্রাস কমাতে আমরা সফল হয়েছি, কিন্তু বাংলাদেশকে মাদকমুক্ত করার ক্ষেত্রে এখনো সফল হতে পারিনি।’ তিনি সবাইকে মাদকের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান।
জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের সাবেক পরিচালক ডা. মোহিত কামাল বলেন, মাদকের মতো একটি ব্যাধি ও নিষিদ্ধ জিনিস নিয়ে সচেতনতামূলক ও সৃজনশীল কাজে অংশ নেওয়া তরুণদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।
সেন্ট্রাল উইমেন ইউনিভার্সিটির উপাচার্য পারভীন হাসান বলেন, পোস্টার প্রচারের চেয়েও গুরুত্বপূর্ণ হলো, তরুণেরা নিজের মনে উপলব্ধি করেছে যে মাদক গ্রহণ করা খারাপ এবং এর বিরুদ্ধে প্রতিবাদ করা উচিত।
ইস্পাহানি গ্রুপের ডিরেক্টর ও প্রথম আলো ট্রাস্টের কোষাধ্যক্ষ জাহিদা ইস্পাহানি মাদক নিয়ে সবার মধ্যে সচেতনতা বাড়ানোর আহ্বান জানান।
প্রতিযোগিতার বিচারপ্রক্রিয়া প্রসঙ্গে অধ্যাপক তারিক মনজুর বলেন, ‘আমার কাছে এটা একটা সম্মিলিত কাজ। এখানে কোনো একক ব্যক্তির কৃতিত্ব বা সহযোগিতাকে আলাদা করে দেখার সুযোগ নেই।
পোস্টার ডিজাইন প্রতিযোগিতায় ৩০ বিজয়ী
জুনাইদ ইসলাম, মাইমুনা জান্নাত মিথি, আল আরাফাত ইসলাম, সামিউর রহমান জিদান, রাজিয়া খাতুন, নুসরাত জাহান রুকাইয়া, জারিফ আল ইয়াহ্ইয়া, শাহরিন আহমেদ শারফা, উমাইয়া বিনতে আলম, রাফসান রহমান নিবির, দিব্যজ্যোতি সরকার, মাধূর্য্য ভৌমিক, নাবিলা খাতুন, মাহিন মেহজাবিন মোহর, জুলকার নাইন আহমেদ, তাহমিনা আক্তার মিলি, হিমেল সরকার, নাহিয়ান নুসরাত, অপর্ণা মালো, বিদ্যাস্তুতি সিংহ, অংশিতা সাহা, নাফিসা ইসলাম নিশাত, শুভজিৎ রায়, নিশাত সুলতানা, মারিয়া মারজানা মেঘনা, রাছিকা রাইয়ান (জারা), আরাফাত ইসলাম সিফাত, কৃত্বিকা রানী গৌড়, সার্থক পাল ও মো. জনি সরকার।
স্টিকার ডিজাইন প্রতিযোগিতায় ৩০ বিজয়ী
জান্নাতুল মাওয়া ইশা, সাফি আল আরিফ, আরিশা সাদিয়া, অনন্ত বিশ্বাস অভ্র, উম্মে সামীন আখন্দ, রাজিয়া খাতুন, কাজী আনাউম জাররা, নাইমা তালুকদার, ফাতিমা নাজিফা, মাহিন মেহজাবিন মোহর, মিথিলা রানী নাথ, নুসাইবা বিনতে সাহেদ, আরিয়ান তাবাসসুম ইরা, সানিয়া তাবাসসুম, তাসনিয়া হাবিব, মাহজেবিন জান্নাত, আয়েশা আক্তার মাইসা, ইনায়া তাসকিন, ফাবিআহ্ আলম সুবর্ণী, নুসরাত তাসনিম, আবদুল্লাহ আল জারিফ, প্রিয়জিৎ সাহা প্রত্যয়, মাশরিনা বিনতে আজাদ, উৎসব সরকার, নিমু মুশফিরাত, আসফা রেধা, মুহাইমিনুর রহমান, শ্রীময়ী ব্যানার্জী, নিশা জামান নিসা ও জারিফ আলম।
পুরস্কার গ্রহণ শেষে উচ্ছ্বাস প্রকাশ করে চাঁদপুর থেকে আসা শিক্ষার্থী মাহজেবিন জান্নাত সামনের দিনেও মাদকের বিরুদ্ধে সচেতনতা বাড়াতে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছে। একই প্রত্যয় জানিয়ে অনুষ্ঠানে আসা অভিভাবক রথী বাসার তালুকদার বলেন, প্রথম আলো ট্রাস্টের মাদকবিরোধী এ আয়োজন শিশুদের মাদকের বিরুদ্ধে সচেতন করবে।