নিয়োগে দুর্নীতি: রেলওয়ে পূর্বাঞ্চলের সাবেক জিএমসহ ৫ জনের বিরুদ্ধে মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দুর্নীতি দমন কমিশনের (দুদক)

পাঁচ বছর আগে রেলওয়ে নিরাপত্তা বাহিনীর (আরএনবি) সিপাহি নিয়োগে দুর্নীতির অভিযোগে পূর্বাঞ্চলীয় রেলওয়ের সাবেক মহাব্যবস্থাপক (জিএম) সৈয়দ ফারুক আহমেদসহ পাঁচজনের বিরুদ্ধে মামলা হয়েছে। আজ রোববার দুদক প্রধান কার্যালয়ের উপপরিচালক মোহাম্মদ সিরাজুল হক বাদী হয়ে দুদক চট্টগ্রাম কার্যালয়ে এ মামলা করেন।

মামলার অপর চার আসামি হলেন বাংলাদেশ রেলওয়ের নিয়োগ কমিটির সদস্য ও বর্তমানে রেলওয়ে নিরাপত্তা বাহিনীর চিফ কমান্ড্যান্ট (পূর্ব) মো. জহিরুল ইসলাম (৫১), চট্টগ্রাম বিভাগের সাবেক কমান্ড্যান্ট, নিয়োগ কমিটির সদস্যসচিব ও বর্তমানে রেলওয়ে নিরাপত্তা বাহিনীর চিফ কমান্ড্যান্ট (পশ্চিম) মোহাম্মদ আশাবুল ইসলাম (৩৯), রেলওয়ে (পশ্চিম) নিয়োগ কমিটির সদস্য, সাবেক কমান্ড্যান্ট ও বর্তমানে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সহকারী সচিব ফুয়াদ হাসান।

মামলার বিষয়টি নিশ্চিত করেছেন দুদক চট্টগ্রামের উপপরিচালক মো. নাজমুস সাদাত। তিনি আজ প্রথম আলোকে বলেন, ২০১৭ সালে আরএনবির সিপাহি চতুর্থ শ্রেণির ১৮৫টি পদে নিয়োগে দুর্নীতির অভিযোগে পাঁচজনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। আসামিরা সিপাহি নিয়োগের কমিটিতে ছিলেন। তদন্তে অন্য কারও সম্পৃক্ততা পাওয়া গেলে তাঁর বিরুদ্ধেও আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

মামলার এজাহারে বলা হয়, আসামিরা পরস্পরের যোগসাজশে অবৈধভাবে নিজেরা লাভবান হয়ে বা অন্যকে লাভবান করার অসাধু অভিপ্রায়ে নিয়োগ কমিটির আহ্বায়ক, সদস্যসচিব, সদস্য ও অনুমোদনকারী হিসেবে ন্যস্ত ক্ষমতার অপব্যবহার করেছেন। পরিকল্পিতভাবে অসৎ উদ্দেশ্যে বিশেষ কোটার প্রার্থী, যেমন মুক্তিযোদ্ধা কোটা, পোষ্য কোটার প্রার্থীদের মৌখিক পরীক্ষায় অনুত্তীর্ণ দেখিয়ে উক্ত কোটায় পছন্দের প্রার্থীদের চাকরি দেওয়ার সুযোগ করে দিয়েছেন। এ ছাড়া বিভাগীয় কোটা, জেলা কোটা, পোষ্য কোটাসহ অন্যান্য কোটা বিধি মোতাবেক যথাযথভাবে না মেনে নিয়োগপ্রক্রিয়া সম্পন্ন করে শাস্তিযোগ্য অপরাধ করেছেন।

অভিযোগের বিষয়ে পূর্বাঞ্চলীয় রেলওয়ের সাবেক মহাব্যবস্থাপক (জিএম) সৈয়দ ফারুক আহমেদের মুঠোফোনে কল করা হলে তিনি তা ধরেননি।