উন্নয়নশীল দেশগুলো বাংলাদেশের উন্নয়ন মডেল অনুসরণ করতে পারে: বিশ্বব্যাংক
বিশ্বব্যাংকের নির্বাহী পরিচালক পরমেশ্বরন আইয়ার বলেছেন, উন্নয়নশীল দেশগুলো বাংলাদেশের উন্নয়ন মডেল অনুসরণ করতে পারে।
আজ বৃহস্পতিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তাঁর সরকারি বাসভবন গণভবনে সৌজন্য সাক্ষাৎকালে এসব কথা বলেন বিশ্বব্যাংকের নির্বাহী পরিচালক। বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফ করেন প্রধানমন্ত্রীর প্রেসসচিব ইহসানুল করিম।
আইয়ারকে উদ্ধৃত করে ইহসানুল করিম বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচক্ষণ নেতৃত্বে সুনির্দিষ্ট পরিকল্পনা নিয়ে বাংলাদেশ উন্নয়নে অভূতপূর্ব পরিবর্তন এনেছে। অন্যান্য উন্নয়নশীল দেশগুলো বাংলাদেশের উন্নয়ন মডেল অনুসরণ করতে পারে।’
বৈঠকে প্রধানমন্ত্রী বাংলাদেশের সার্বিক উন্নয়ন নিশ্চিতে তাঁর সরকারের সার্বিক উন্নয়ন কর্মসূচি সম্পর্কে বিশ্বব্যাংকের কর্মকর্তা আইয়ারকে অবহিত করেন।
শেখ হাসিনা বলেন, বাংলাদেশ ব্যাপক উন্নয়ন প্রত্যক্ষ করেছে। কারণ, তাঁর সরকার ও দল (আওয়ামী লীগ) সুনির্দিষ্ট পরিকল্পনা প্রণয়নের পর তা বাস্তবায়ন করে।
প্রধানমন্ত্রী বলেন, ‘আমাদের মূল লক্ষ্য দারিদ্র্য বিমোচন। আমরা প্রতিটি মানুষের জন্য উন্নত জীবন নিশ্চিত করতে চাই।’
অগ্রযাত্রার পরবর্তী ধাপে বাংলাদেশকে অবকাঠামো উন্নয়নে সহায়তার আশ্বাস দেন বিশ্বব্যাংকের নির্বাহী পরিচালক। তিনি বলেন, তাঁর সংস্থা রোহিঙ্গাদের স্থানান্তরের জন্য ইতিমধ্যে ৭০ কোটি মার্কিন ডলার দিয়েছে।
শেখ হাসিনা বলেন, রোহিঙ্গাদের তাদের নিজ দেশ মিয়ানমারে ফিরে যেতে হবে।
জলবায়ু পরিবর্তন সম্পর্কে প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশ কার্বন নিঃসরণকারী দেশ নয়। তা সত্ত্বেও জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব বাংলাদেশকে ভোগ করতে হচ্ছে।
প্রধানমন্ত্রীকে আইয়ার বলেন, ‘ডেলটা প্ল্যান-২১০০’ বাস্তবায়নে বাংলাদেশকে সহায়তা করবে বিশ্বব্যাংক।
বিশ্বব্যাংকের এই কর্মকর্তা বাংলাদেশের স্যানিটেশন ব্যবস্থার প্রশংসা করেন। তিনি বলেন, ‘বাংলাদেশের স্যানিটেশন ব্যবস্থা অসাধারণ।’
বাংলাদেশের উন্নয়নে বেসরকারি খাতের ভূমিকার প্রশংসা করেন আইয়ার। প্রধানমন্ত্রী বলেন, তাঁর সরকার বেসরকারি খাতের বিকাশে প্রয়োজনীয় সব ধরনের সহায়তা দিয়েছে। তাঁরা বেসরকারি খাতের জন্য সবকিছু উন্মুক্ত করে দিয়েছেন।
বৈঠকে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিশ্বব্যাংকের বিকল্প নির্বাহী পরিচালক আহমদ কায়কাউস, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব মোহাম্মদ সালাহ উদ্দিন ও অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব শরিফা খান।