পাচার হওয়া অর্থ ফেরাতে দুদকের পদক্ষেপ জানতে চেয়েছে আইএমএফ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)
ছবি: রয়টার্স

বাংলাদেশ সফররত আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) চার সদস্যের একটি দল দুর্নীতি দমন কমিশনের (দুদক) কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছে। আজ বৃহস্পতিবার দুদকের সেগুনবাগিচার প্রধান কার্যালয়ে বেলা ১১টা থেকে প্রায় এক ঘণ্টাব্যাপী বৈঠকটি চলে।

দুদক সূত্র জানায়, পাচার হওয়া অর্থ দেশে ফেরাতে দুদক কী পদক্ষেপ নিয়েছে, আইএমএফের প্রতিনিধিদলের সদস্যরা দুদকের কাছে তা জানতে চেয়েছেন। এ সময় অর্থ পাচার হওয়া দেশগুলোতে আইনি সহায়তা পেতে চিঠি পাঠানো হয়েছে বলে দুদকের পক্ষ থেকে বলা হয়। এ ছাড়া বৈঠকে দুদকের কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরা হয়। টেকসই উন্নয়নের জন্য দুর্নীতি কমানোর পরামর্শ দেয় আইএমএফ।

বৈঠকে আইএমএফের এশিয়া প্যাসিফিক অঞ্চলের প্রধান রাহুল আনন্দের নেতৃত্বে ছিল চার সদস্যের একটি দল। দুদকের পক্ষে বৈঠকে নেতৃত্ব দেন সংস্থাটির সচিব মো. মাহবুব হোসেন। আরও ছিলেন মানি লন্ডারিং ইউনিটের মহাপরিচালক মোকাম্মেলসহ চারজন।

বৈঠক শেষে দুদকের সচিব মো. মাহবুব হোসেন সাংবাদিকদের বলেন, বর্তমান কাঠামো, ভবিষ্যৎ পরিকল্পনা ও বিদ্যমান আইন, বিধিবিধান এবং কীভাবে দুদক কাজ করছে, সে সম্পর্কে জানতে আইএমএফের প্রতিনিধি এসেছিলেন। পাচার হওয়া অর্থ উদ্ধারের ক্ষেত্রে বিভিন্ন দেশের যে সহযোগিতার প্রয়োজন হয়, সেই বিষয়ে তাঁরা গুরুত্ব দিয়েছেন।

বাংলাদেশকে দ্বিতীয় কিস্তি ঋণ দেওয়ার আগে শর্ত পূরণ যাচাই করতে ৪ অক্টোবর দেশে আসে আইএমএফের প্রতিনিধিদল। ৪৭০ কোটি ডলারের ঋণ দেওয়ার ক্ষেত্রে আইএমএফ বাংলাদেশের অর্থনৈতিক অবস্থা স্থিতিশীল রাখতে কিছু শর্ত দেয়। সেই সঙ্গে দুর্নীতি কমিয়ে সুশাসন প্রতিষ্ঠার কথাও বলে।