সম্মাননা পেলেন বাংলাদেশ ও নেপালের ৩৭ আলোকচিত্রী, প্রথম আলোর তিনজন

এক ফ্রেমে সম্মাননা পাওয়া পুরস্কার বিজয়ী বাংলাদেশ ও নেপালের আলোকচিত্রীরা। ইম্পেরিয়াল হোটেল ইন্টারন্যাশনাল, গুলিস্তান, ঢাকা। ১ মে ২০২৬ছবি: প্রথম আলো

আলোকচিত্রীদের কাজের মূল্যায়ন ও উৎসাহ জোগাতে দেশ-বিদেশের বিভিন্ন প্রতিযোগিতায় পুরস্কার বিজয়ী বাংলাদেশ ও নেপালের ৩৭ জন আলোকচিত্রীকে সম্মাননা দেওয়া হয়েছে। তাঁদের মধ্যে প্রথম আলোর তিনজন আলোকচিত্রীও রয়েছেন।

শুক্রবার সন্ধ্যায় রাজধানীর গুলিস্তানে ইম্পেরিয়াল হোটেল ইন্টারন্যাশনালে ‘ইম্পেরিয়াল ফটোজার্নালিস্ট অ্যাপ্রিসিয়েশন অ্যাওয়ার্ড-২৬’ শীর্ষক এই সম্মাননা দেওয়া হয়। অনুষ্ঠানে বিজয়ীদের হাতে সম্মাননা তুলে দেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ফারজানা শারমীন এবং নেপালের রাষ্ট্রদূত ঘনশ্যাম ভান্ডারি।

অনুষ্ঠানে সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ফারজানা শারমীন বলেন, ‘দেশের ফটোসাংবাদিকেরা আন্তর্জাতিক অঙ্গনে দীর্ঘদিন ধরে সম্মান অর্জন করলেও দেশে তাঁরা প্রাপ্য স্বীকৃতি পান না, যা আমাদের দুর্বলতা। সরকার এখন থেকে এই খাতের গুরুত্বপূর্ণ অবদানকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দিতে কাজ করবে।’

প্রতিমন্ত্রী আরও বলেন, ফটোসাংবাদিকদের জন্য একটি কাঠামোবদ্ধ পারিশ্রমিক ও পেশাগত উন্নয়নের উদ্যোগ নেওয়া হচ্ছে। দেশে আলোকচিত্রীদের নিয়ে আন্তর্জাতিক প্রতিযোগিতার আয়োজন করা হলে সরকার প্রয়োজনীয় সহায়তা দেবে।

নেপালের রাষ্ট্রদূত ঘনশ্যাম ভান্ডারি বলেন, ক্যামেরা দারিদ্র্য, বৈষম্য ও অন্যায়ের বিরুদ্ধে একটি শক্তিশালী অস্ত্র। তাই ফটোসাংবাদিকতা শুধু ছবি ধারণ নয়, এটি বাস্তবতা তুলে ধরা, ইতিহাস সংরক্ষণ এবং সমাজকে সচেতন করার একটি গুরুত্বপূর্ণ মাধ্যম। এই আয়োজন সেই দায়বদ্ধ ও সৃজনশীল মানুষদের কাজের যথার্থ স্বীকৃতি।

সম্মাননা পাওয়া প্রথম আলোর তিন আলোকচিত্রী (বাঁ থেকে) ডেপুটি চিফ ফটোগ্রাফার সাজিদ হোসেন এবং বিশেষ আলোকচিত্রী শুভ্র কান্তি দাস ও দীপু মালাকার। ইম্পেরিয়াল হোটেল ইন্টারন্যাশনাল, গুলিস্তান, ঢাকা। ১ মে ২০২৬
ছবি: প্রথম আলো

সম্মাননা পাওয়া ৩৭ আলোকচিত্রীর মধ্যে প্রথম আলোর তিনজন হলেন ডেপুটি চিফ ফটোগ্রাফার সাজিদ হোসেন এবং স্টাফ ফটোজার্নালিস্ট শুভ্র কান্তি দাস ও দীপু মালাকার।

বাংলাদেশ থেকে সম্মাননা পাওয়া বিভিন্ন গণমাধ্যমের অন্য ফটোসাংবাদিকেরা হলেন মোহাম্মদ পনির হোসেন, কে এম আসাদ, মুনির উজ জামান, মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, সনি রামানি, ফিরোজ আহমেদ, রোহেত আলী, মঈনউদ্দিন আহমেদ, মামুনুর রশিদ, আবদুল গনি, মশিউর রহমান, মোশারফ হোসেন, মোহাম্মদ হাসান, হাবিবুর রহমান, জাহিদুল ইসলাম সজল, রাশেদ সুমন, মো. সৌরভ, শামছুল হক, এস এম নাসির, রিয়াজ আহমেদ, মনিরুল ইসলাম, মো. আল-আমিন, ইন্দ্রজিৎ কুমার ঘোষ ও শরীফ সারওয়ার।

নেপাল থেকে সম্মাননা পাওয়া আলোকচিত্রীরা হলেন প্রদীপ রাজ ওনতা, লেখা বাহাদুর শ্রেষ্ঠ, ঘনশ্যাম শ্রেষ্ঠ, প্রবীণ কুলুং রাই, মুকুন্দ বাহাদুর কালিকোটে, হরিশ সিং নাগাল, অনুপ প্রধান, রাম শরণ মহারজান, প্রেম বাহাদুর থাপা ও উদভ কুমার শ্রেষ্ঠ।

এ ছাড়া ফটোসাংবাদিকতায় ৫৭ বছর অবদানের জন্য বিশেষ সম্মাননা দেওয়া হয় রয়টার্সের ফটোসাংবাদিক রফিকুর রহমানকে।

সম্মাননা প্রদান অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে দ্য নিউ নেশনের ব্যবস্থাপনা সম্পাদক আরশাদ হোসেন, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) মহাসচিব কাদের গনি চৌধুরী, বাংলাদেশ ফটোজার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি এ কে এম মহসিন প্রমুখ উপস্থিত ছিলেন। সম্মাননা প্রদান শেষে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।