ডাকসু নিয়ে সিদ্ধান্ত ঢাকা বিশ্ববিদ্যালয় থেকেই হবে, হাইকোর্ট থেকে নয়: বৈষম্যবিরোধী শিক্ষার্থী সংসদ
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন নিয়ে সিদ্ধান্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাটি থেকেই হবে, হাইকোর্ট থেকে নয়। ডাকসু শিক্ষার্থীদের অধিকার। এর ব্যত্যয় হলে শিক্ষার্থীরা তা মোকাবিলা করবেন।
হাইকোর্ট ডাকসু নির্বাচন স্থগিতের আদেশ দেওয়ার পর আজ সোমবার সন্ধ্যায় এক সংবাদ সম্মেলনে বৈষম্যবিরোধী শিক্ষার্থী সংসদ প্যানেলের ভিপি প্রার্থী (সহসভাপতি) আবদুল কাদের এ কথা বলেন। যদিও এ সংবাদ সম্মেলনের আগেই হাইকোর্টের ওই আদেশ স্থগিত করেছেন চেম্বার আদালত।
ডাকসু ভবনের সামনে আয়োজিত সংবাদ সম্মেলনে আবদুল কাদের বলেন, ‘ডাকসু নিয়ে আমরা কয়েক দিন ধরে আশঙ্কার কথা বলছিলাম। হাইকোর্টের কাঁধে বন্দুক রেখে সেই আশঙ্কা আজ দৃশ্যমান হয়েছে। কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ষড়যন্ত্রকারীদের লাল কার্ড দেখিয়েছে। ডাকসু শিক্ষার্থীদের অধিকার। ডাকসু নিয়ে সিদ্ধান্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাটি থেকেই হবে, হাইকোর্ট থেকে নয়।’
শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানিয়ে এই ভিপি প্রার্থী বলেন, ‘ডাকসুকে মনেপ্রাণে ধারণ করে স্বতঃস্ফূর্ত একটি আমেজ ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিরাজ করছে। আশা করি, এ ধরনের আনন্দদায়ক পরিবেশ শেষ পর্যন্ত বজায় থাকবে। এ ক্ষেত্রে নির্বাচন কমিশন যেন কোনো পক্ষপাতদুষ্ট অবস্থান না নেয়।’
ডাকসু নিয়ে নানা ধরনের অস্থির পরিবেশ সৃষ্টি করে ভোটারদের ভোট দিতে অনাগ্রহ সৃষ্টি করার পাঁয়তারা চলছে বলে অভিযোগ করেন আবদুল কাদের। শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘সবকিছুকে উপেক্ষা করে ষড়যন্ত্রকে লাল কার্ড দেখিয়ে আপনারা ডাকসুকে বাস্তবায়ন করেন।’
প্যানেলের জিএস প্রার্থী আবু বাকের মজুমদার বলেন, ‘ডাকসু নির্বাচন ঘিরে শুরু থেকেই ষড়যন্ত্র হচ্ছিল। আজকে সেই ষড়যন্ত্র দৃশ্যমান হলো। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সেই ষড়যন্ত্রকে লাল কার্ড দেখিয়েছে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, প্রার্থী সবাই ডাকসু নির্বাচনের বিষয়ে একমত। আগামী ৯ সেপ্টেম্বর যেকোনো মূল্যে ডাকসু সফল করব। জুলাইয়ে আমরা ছাত্রলীগের মতো অসুরকে, আওয়ামী লীগের মতো অসুরকে হটিয়েছি। এই ডাকসুকে কেন্দ্র করেও ঢাকা বিশ্ববিদ্যালয় নতুন করে কেউ ভর করতে পারবে না। ডাকসুকে বানচাল করতে পারবে না।’