তামিমকে ফিরে আসার আকুতি জানিয়ে ভক্তদের মানববন্ধন

তামিম ইকবালের অবসর ভেঙে ফিরে আসার দাবিতে চট্টগ্রাম নগরের বিভিন্ন স্থানে মানববন্ধন করেন ভক্তরা। চট্টগ্রাম, ৭ জুলাইছবি: প্রথম আলো
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের রাঙ্গুনিয়ার তরুণ মাসুম আহমেদ। কান্না করতে করতে বলেন, ‘তামিম ভাই ফিরে আসেন। বিশ্বকাপটা আপনি খেলে যান। বিশ্বকাপে আপনাকে দেখতে চাই।’

আজ শুক্রবার বিকেলে চট্টগ্রাম নগরের পাঁচ তারকা হোটেল র‍্যাডিসন ব্লুর সামনে এভাবেই ক্রিকেটার তামিম ইকবাল খানকে অবসর ভেঙে খেলায় ফেরার আকুতি জানান মাসুম। তামিমের অবসরের ঘোষণার পর ফেসবুক ও মেসেঞ্জার গ্রুপে যোগাযোগের মাধ্যমে কিছু তরুণ ও যুবক তামিমকে ফিরিয়ে আনার আকুতি জানিয়ে এ মানববন্ধনের আয়োজন করেন।

আরও পড়ুন

এতে চট্টগ্রামের বিভিন্ন স্থানের তরুণেরা অংশ নেন। নগরের অক্সিজেন থেকে আসেন কামরুল ইসলাম নামের একজন। এ ছাড়া তামিমের বাড়ি কাজীর দেউড়ির ইব্রাহিম, কুমিল্লার শাহীনসহ প্রায় ২০০ কিশোর–তরুণ অংশ নেন বাংলাদেশ টিম হোটেলের সামনের এই মানববন্ধনে।

কামরুল ইসলাম বলেন, ‘তামিম ভাই আমাদের গর্ব। চোখে চোখ রেখে ফাইট করতে জানেন তিনি। তাঁকে আমাদের ক্রিকেটের জন্য খুব দরকার।’

তামিমের ছবিসংবলিত ব্যানারে লেখা হয়, তামিম ইকবাল খানের পুনরায় ক্রিকেটজগতে ফিরে আসার দাবিতে মানববন্ধন। ‘বিশ্বকাপে তামিম ভাই, বীরের বেশে দেখতে চাই’, ‘কামব্যাক তামিম ভাই’ ইত্যাদি স্লোগান দেন অংশগ্রহণকারীরা।

একই দাবিতে বিকেল চারটায় নগরের জামালখান প্রেসক্লাবের সামনেও একটি মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়। ‘চট্টগ্রামের সর্বস্তরের বিক্ষুব্ধ ক্রীড়ামোদী জনতা’ ব্যানারে এ কর্মসূচি পালন করা হয়। এতে ওমর কাইয়ুম, সৌরভ প্রিয় পাল, রায়হান প্রমুখ বক্তব্য দেন।

আরও পড়ুন

গতকাল চট্টগ্রামের একটি হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দেন তামিম ইকবাল। তাঁর এই আকস্মিক ঘোষণা নিয়ে দেশজুড়ে আলোচনা শুরু হয়। এই প্রেক্ষাপটে আজ বিকেলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবনে তামিম ইকবালকে ডেকে নেন। সেখান থেকে বেরিয়ে অবসরের ঘোষণা প্রত্যাহার করে আবার আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার সিদ্ধান্ত জানিয়েছেন তামিম ইকবাল।

আরও পড়ুন