ল্যাপটপ ও ক্যামেরা ফেরত পাননি জার্মান পর্যটক, প্রচারিত ছবি-ভিডিও এআই দিয়ে তৈরি

কোলাজ প্রথম আলো গ্রাফিকস

নাটোর রেলস্টেশনে ৭ অক্টোবর বিকেলে ট্রেনের টিকিট কেনার সময় ল্যাপটপ ও ক্যামেরা হারান জার্মান তরুণ ক্রিল ল্যান্ডার। বাংলাদেশে ঘুরতে আসা এই পর্যটকের ছিনতাইয়ের ঘটনা সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনার জন্ম দেয়। অনেকেই তাঁর প্রতি সহানুভূতি প্রকাশ করেন।

এরই মধ্যে ফেসবুকে ছড়িয়ে পড়া ছবিতে দেখা যাচ্ছে, একজন পুলিশ সদস্য জার্মান এই তরুণের হাতে ল্যাপটপ ও ক্যামেরা তুলে দিচ্ছেন।

প্রথম লিংক, দ্বিতীয় লিংক, তৃতীয় লিংক

ছবিটির ক্যাপশনে লেখা হয়েছে, ‘ল্যাপটপ ও ক্যামেরা ফেরত পেলেন জার্মানি পর্যটক। বাংলাদেশ টুরিস্ট পুলিশকে ধন্যবাদ আমাদের দেশের সম্মান রাখার জন্য!’

দাবির পক্ষে শাহিন রেজা নামক একটি ফেসবুক পেজ থেকে ‘অবশেষে ল্যাপটপ, ক্যামেরা ও প্রয়োজনীয় কাগজপত্র ফিরে পেয়ে মহাখুশি জার্মান পর্যটক!’ এই ক্যাপশনে ১০ সেকেন্ডের একটি ভিডিও পোস্ট করা হয়। ভিডিওতে জার্মান এই তরুণকে জিনিসপত্র ফেরত পেয়ে খুশিতে বাংলা কথা বলতে দেখা যায়। প্রতিবেদন লেখা পর্যন্ত ৬ লাখের ৩৫ হাজার বার দেখা হয়েছে। প্রতিক্রিয়া পড়েছে প্রায় ২০ হাজার।

লিংক: এখানে

তবে যাচাইয়ে দেখা যায়, চুরি যাওয়া মালামাল ফেরত পাওয়ার দাবিটি সঠিক নয়। জার্মান নাগরিকের চুরি যাওয়া ল্যাপটপ ও ক্যামেরা এখনো উদ্ধার হয়নি। ফেরত পাওয়ার দাবিতে ছড়িয়ে পড়া ছবি ও ভিডিওটি এআই দিয়ে তৈরি।

দাবিটির সত্যতা যাচাইয়ে প্রাসঙ্গিক কি ওয়ার্ড সার্চে চুরির ঘটনায় একাধিক প্রকাশিত প্রতিবেদন পাওয়া যায়। সর্বশেষ প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, ক্রিলের চুরি যাওয়া ল্যাপটপ ও ক্যামেরা এখনো উদ্ধার করতে পারেনি পুলিশ। নাটোর রেলওয়ে স্টেশনের সিসিটিভি ফুটেজে এক ব্যক্তিকে ক্রিলের ল্যাপটপ ও ক্যামেরার ব্যাগ নিয়ে যেতে দেখা গেছে। ওই ব্যক্তিকে শনাক্ত ও গ্রেপ্তারের পাশাপাশি চুরি যাওয়া মালামাল উদ্ধারে পুলিশের বিভিন্ন ইউনিট কাজ করছে।

লিংক: এখানে

প্রকাশিত প্রতিবেদনে রাজশাহী রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান বলেন, পুলিশ সর্বোচ্চ গুরুত্ব দিয়ে চুরি যাওয়া মালামাল উদ্ধারের চেষ্টা করছে। সিসিটিভি ফুটেজে দেখা ব্যক্তিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

এদিকে ‘ছেলেটা ভালো স্মৃতি নিয়ে ফিরুক’, সেই জার্মান তরুণকে ম্যাকবুক উপহার দিলেন ব্যবসায়ী—শিরোনামে প্রতিবেদন প্রকাশিত হয়। প্রতিবেদন থেকে জানা যায়, ১০ অক্টোবর সন্ধ্যায় রাজধানীর হাজারীবাগ থানায় পুলিশের উপস্থিতিতে ১৮ বছর বয়সী ক্রিলের হাতে একটি ম্যাকবুক তুলে দেন মুক্তি মাহমুদ নামের ব্যবসায়ী।

প্রতিবেদনে মুক্তি মাহমুদ বলেন, কয়েক দিন ধরে সামাজিক যোগাযোগমাধ্যমে ক্রিলের ল্যাপটপ ও ক্যামেরা চুরি যাওয়ার খবর দেখছিলেন তিনি। একপর্যায়ে থানায় বসে ক্রিলের কান্নার ভিডিও দেখে মর্মাহত হন।

লিংক: এখানে

মুক্তি মাহমুদ বলেন, ‘সবার পক্ষ থেকে একটি ম্যাকবুক উপহার দিয়েছি। বাংলাদেশ ছাড়ার আগে ছেলেটা একটু হলেও যেন ভালো স্মৃতি নিয়ে ফিরতে পারে।’

প্রকাশিত প্রতিবেদনে নতুন ম্যাকবুক পেয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেন ক্রিল ল্যান্ডার। তিনি বলেন, জিনিসপত্র হারানোর পর থেকে অনেকেই তাঁকে বিভিন্নভাবে সাহায্য করেছেন এবং সহানুভূতি জানিয়েছেন। নতুন ম্যাকবুক পাওয়ায় তিনি আবার কাজ করতে পারবেন বলেও জানান।

সামাজিক যোগাযোগমাধ্যমে ল্যাপটপ ও ক্যামেরা ফেরত পাওয়ার যে দাবি ছড়িয়েছে, তা সমর্থন করে এমন কোনো তথ্য প্রতিবেদন লেখা পর্যন্ত পাওয়া যায়নি। নাটোরের পুলিশ সুপার মোহাম্মদ শরিফুল হকও প্রথম আলোকে জানান, রোববার দুপুর পর্যন্ত জার্মান পর্যটকের চুরি হওয়া ল্যাপটপ ও ক্যামেরা উদ্ধার হয়নি।

আরও পড়ুন

অন্যদিকে, পুলিশ সদস্যের হাতে ক্রিলের ল্যাপটপ ও ক্যামেরা তুলে দেওয়ার দৃশ্য দাবিতে ছড়িয়ে পড়া ছবি বিশ্লেষণ করে কয়েকটি অসংগতি দেখা যায়। ছবিতে পুলিশের কাঁধের ব্যাজ, হাতার প্রতীক এবং পোশাকের বিভিন্ন স্থানে থাকা লেখার অক্ষরবিন্যাস ও নকশা অস্বাভাবিক। বিশেষ করে কিছু লেখা ও প্রতীকের সূক্ষ্ম বিবরণ স্পষ্ট নয়। পোশাকের ব্যাজে থাকা লেখাগুলোও এলোমেলো। এ ধরনের অসংগতি এআই দিয়ে তৈরি ছবিতে দেখা যায়। ছড়িয়ে পড়া ভিডিওটিতে দেখা যায়, চুরি যাওয়া মালামাল ফেরত পেয়ে বাংলা ভাষায় কথা বলছেন, পেছনে রেলস্টেশনের নাম লেখা সাইনবোর্ডটির অক্ষরবিন্যাস অদ্ভুত, যা এআই দিয়ে তৈরি ভিডিওতে দেখা যায়।

আলোচিত এ ঘটনায় একদিকে সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনগুলোতে বলা হচ্ছে এখনো চুরি যাওয়া মালামাল ফেরত পাওয়া যায়নি প্রতিবেদন লেখা পর্যন্ত। অপর দিকে সামাজিক যোগাযোগমাধ্যমের ফেসবুক প্ল্যাটফর্মে ছবি ও ভিডিও ছড়িয়ে দাবি করা হচ্ছে তার বিপরীত। তাই অধিকতর যাচাইয়ের জন্য এআই দিয়ে তৈরি ছবি ও ভিডিও শনাক্তকারী হাইভ মডারেশন ও সাইট ইঞ্জিন টুলে বিশ্লেষণ করা হয়। ভিডিও ও ছবি উভয় এআই দিয়ে তৈরি হওয়ার প্রবল সম্ভাবনা ফলাফলে দেখা যায়।