সাবেক সংসদ সদস্য শেখ সালাহউদ্দিনসহ স্বার্থসংশ্লিষ্টদের ১২১ ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ

ঢাকার মহানগর দায়রা জজ আদালতফাইল ছবি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার চাচাতো ভাই খুলনা-২ আসনের সাবেক সংসদ সদস্য শেখ সালাহউদ্দিন জুয়েল, তাঁর স্ত্রী, তিন ভাইসহ স্বার্থসংশ্লিষ্ট ১২১টি ব্যাংক হিসাব, ৩টি এমএফএস ও ৩টি বিও হিসাব অবরুদ্ধের আদেশ দিয়েছেন আদালত।

ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ সাব্বির ফয়েজ আজ রোববার এই আদেশ দেন। দুর্নীতি দমন কমিশন (দুদক) বলছে, ১২১টি ব্যাংক হিসাবে ৪৮ কোটি ৪৭ লাখ ৮৫ হাজার ৬২৯ টাকা আছে।

সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী মো. রিয়াজ হোসেন বলেন, দুদকের পক্ষে মো. ফেরদৌস রহমান অবরুদ্ধের আবেদন করেন। দুদকের আইনজীবী মীর আহমেদ আলী সালাম আবেদনের পক্ষে শুনানি করেন। এরপর আদালত আবেদন মঞ্জুর করেন।

আবেদনে বলা হয়, শেখ সালাহউদ্দিনসহ তাঁর পরিবারের অন্যান্যদের বিরুদ্ধে বিধিবহির্ভূতভাবে অর্থ উপার্জন করার অভিযোগ আছে। সে জন্য দুদক অনুসন্ধান টিম গঠন করেছে। অনুসন্ধানে শেখ সালাহউদ্দিনসহ তাঁর স্বার্থসংশ্লিষ্ট ব্যক্তিদের নামে ১২১টি ব্যাংক হিসাব, ৩টি এমএফএস ও ৩টি বিও হিসাব পাওয়া যায়। বিশ্বস্ত সূত্রে জানা যায়, অভিযোগ–সংশ্লিষ্ট ব্যক্তিরা তাঁদের হিসাবের অর্থ অন্যত্র হস্তান্তর, স্থানান্তর বা বেহাত করার প্রচেষ্টা চালাচ্ছেন। অনুসন্ধান নিষ্পত্তির আগে হিসাবগুলো হস্তান্তর বা স্থানান্তর হয়ে গেলে রাষ্ট্রের ক্ষতি হবে। সে জন্য হিসাবগুলো অবরুদ্ধ করা প্রয়োজন।