জাপার সিদ্ধান্তে নিষেধাজ্ঞা: জি এম কাদেরের আপিল আবেদনের শুনানি শেষ, আদেশ পরে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জি এম কাদের
ছবি: সংগৃহীত

দলীয় সিদ্ধান্ত গ্রহণে জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান জি এম কাদেরের ওপর দেওয়া আদালতের নিষেধাজ্ঞা খারিজ আদেশের বিরুদ্ধে করা আপিল আবেদনের গ্রহণযোগ্যতা বিষয়ে শুনানি শেষ হয়েছে। এ নিয়ে যেকোনো সময় আদেশ দেবেন আদালত।

ঢাকার জেলা জজ আদালতে আজ সোমবার এ শুনানি অনুষ্ঠিত হয়।

জি এম কাদেরের আইনজীবী শেখ মুহাম্মদ সিরাজুল ইসলাম প্রথম আলোকে বলেন, জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদেরের ওপর দেওয়া অস্থায়ী নিষেধাজ্ঞার আবেদন খারিজ করে গত ১৬ নভেম্বর আদেশ দেন ঢাকার প্রথম যুগ্ম জেলা জজ আদালত। ওই আদেশ স্থগিত চেয়ে গত ২৩ নভেম্বর ঢাকার জেলা জজ আদালতে জি এম কাদের বিবিধ আপিল (মিস আপিল) করেন। আজ ওই আবেদনের গ্রহণযোগ্যতা বিষয়ে শুনানি অনুষ্ঠিত হয়। একই সঙ্গে নিষেধাজ্ঞার আদেশ স্থগিত চেয়ে করা আবেদনের বিষয়ও শুনানি শেষ হয়েছে। তবে আদালত এখনো আদেশ দেননি। শুনানির সময় আদালতে উপস্থিত ছিলেন জি এম কাদেরের আরেক আইনজীবী আবদুর রশিদ।

দলীয় সিদ্ধান্ত গ্রহণে জাপার চেয়ারম্যান জি এম কাদেরের ওপর দেওয়া অস্থায়ী নিষেধাজ্ঞা প্রত্যাহারের আবেদন খারিজ করে গত বছরের ১৬ নভেম্বর আদেশ দেন ঢাকার প্রথম যুগ্ম জেলা জজ মাসুদুল হক।

জাতীয় পার্টি থেকে সম্প্রতি অব্যাহতি পাওয়া জিয়াউল হকের করা মামলার শুনানি নিয়ে গত বছরের ৩০ অক্টোবর জি এম কাদেরের দলীয় সিদ্ধান্ত গ্রহণের ওপর অস্থায়ী নিষেধাজ্ঞা দেন আদালত। ওই নিষেধাজ্ঞা প্রত্যাহার চেয়ে গত বছরের ৮ নভেম্বর আদালতে আবেদন করেন জি এম কাদের।

জি এম কাদেরের পক্ষে আদালতে লিখিতভাবে বলা হয়, মামলার বিবাদী জি এম কাদের জাতীয় পার্টির চেয়ারম্যান। হয়রানি ও সম্মানহানির উদ্দেশ্যে তাঁর বিরুদ্ধে মিথ্যা মামলা করা হয়েছে।

আরও পড়ুন

জিয়াউল হক গত বছরের ৪ অক্টোবর জি এম কাদেরকে জাপার চেয়ারম্যান হিসেবে অবৈধ ঘোষণার ডিক্রি চেয়ে প্রথম যুগ্ম জেলা জজ আদালতে মামলা করেন। মামলায় দল থেকে জিয়াউল হকের বহিষ্কারাদেশকে বেআইনি ঘোষণা এবং দলীয় গঠনতন্ত্রের ২০-এর উপধারা ১(১) অবৈধ ঘোষণার আবেদন জানানো হয়। মামলায় জি এম কাদের ছাড়াও নির্বাচন কমিশনের সচিব, জাপার মহাসচিব, সাংগঠনিক সম্পাদক ও যুগ্ম দপ্তর সম্পাদককে বিবাদী করা হয়। জিয়াউল হক জাপার সাবেক সংসদ সদস্য এবং দলের চেয়ারম্যানের উপদেষ্টা পরিষদের সদস্য ছিলেন। গত বছরের ১৭ সেপ্টেম্বর তাঁকে দল থেকে অব্যাহতি দেওয়া হয়। জি এম কাদেরের পক্ষে আদালতে বলা হয়েছে, জিয়াউল হককে আইন মেনে দলীয় পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।