পড়াশোনা, চাকরি আর জীবনের মতো সাহিত্যের বিচিত্র ভুবনে তিনি পরিভ্রমণ করেছেন। এখনো মাঝেমধ্যেই তাঁকে দেখি—ঢাকার শাহবাগে আজিজ সুপার মার্কেটের বইয়ের দোকানে দরকারি বইটি খুঁজে ফিরছেন। একা। এভাবে সচরাচর কোনো জ্যেষ্ঠ লেখককে দেখি না।
বয়সের ভারে কিছুটা ন্যুব্জ। চোখে মোটা ফ্রেমের চশমা। হাতে ছড়ি। একসময় যে সুদর্শন যুবাপুরুষ ছিলেন, আন্দাজ করতে অসুবিধা হয় না। এখনো তাঁর সাহিত্য প্রচেষ্টা আর মনোবল আশ্চর্য সজীবতায় ভরা। চাকরি থেকে অবসর নিয়েছেন বহু আগেই। কিন্তু তাঁর অনুসন্ধানী পড়াশোনার আবেগ আর নেশা ফুরিয়ে যায়নি। দূরগামী নিরীক্ষাপ্রবণ ঔপন্যাসিকের মতো লিখে চলেছেন গল্প, উপন্যাস আর ভ্রমণ আখ্যান।
এই আশ্চর্য সজীব মানুষটির নাম হাসনাত আবদুল হাই।
কর্মজীবন শুরু করেছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগে। অধ্যাপনা ছেড়ে হঠাৎই সরকারি চাকরিতে যোগ দেন। পেশার বদলটা তাঁর শাপে বরই হয়েছে। কাজের সুবাদে দেশ-বিদেশে বেড়ানোর অভিজ্ঞতা তাঁকে সমৃদ্ধ করেছে। লেখার বিপুল রসদও জুগিয়েছে। অপূর্ব সব ভ্রমণকাহিনি বেরিয়েছে তাঁর হাত থেকে।
হাসনাত আবদুল হাই লেখকজীবন শুরু করেছিলেন গল্প দিয়ে। ১৯৫৮ সালে প্রথম গল্প প্রকাশিত হয় দৈনিক ইত্তেহাদ-এ। পত্রিকার সাহিত্য সম্পাদক ছিলেন আবদুল গাফ্ফার চৌধুরী। পরের বছরই লিখলেন উপন্যাস অরণ্যনগর—পদক্ষেপ পত্রিকায়। তবে ওই উপন্যাস বই হয়ে বেরোয়নি।
শিল্প-সংস্কৃতির নানা শাখায় তাঁর আনন্দময় স্বচ্ছন্দ বিচরণ। গল্প-উপন্যাস তো লিখেছেনই, লিখেছেন চিত্রকলা নিয়ে। চলচ্চিত্র নিয়েও তাঁর বই আছে। অর্থনীতি আর নন্দনতত্ত্ব নিয়ে লিখেছেন উচ্চাকাঙ্ক্ষী বই। বিচিত্র বিষয়ের বই পড়ায় তাঁর আগ্রহ। সেই পথ ধরে নানা বিষয়ে তাঁর সৃষ্টিশীলতা ও প্রয়াস ডালপালা মেলেছে।
লেখায় মানুষ, সময় ও জীবনের অভিঘাতকে হাসনাত ভিন্ন রকম দৃষ্টিকোণ থেকে দেখেছেন। লিখেছেন অজস্র। নিরীক্ষাও করেছেন। প্রেম বা সামাজিক পটভূমিতে গল্প-উপন্যাস লিখেছেন, আবার ভিন্নধারার সৃজন প্রচেষ্টায়ও সচেষ্ট থেকেছেন। শিল্পী এস এম সুলতান ও ভাস্কর নভেরার জীবন নিয়ে লেখা উপন্যাস সুলতান ও নভেরা তাঁর ব্যতিক্রমী কাজ। শিল্পী কামরুল হাসান ও আরজ আলী মাতুব্বরকেও উপন্যাসের কাঠামোয় ধরেছেন।
পৃথিবীর বিভিন্ন ভাষায় জীবনীভিত্তিক উপন্যাস লেখা হয়েছে। এ ধরনের উপন্যাস লেখার ক্ষেত্রে শিল্প প্রচেষ্টা, উপন্যাসের বিস্তার ও বাস্তবতা নিয়ে অনেক ঝুঁকি থাকে। বাংলাদেশে এ ক্ষেত্রে তিনিই প্রথম সাহস দেখিয়েছেন।
জীবনীভিত্তিক উপন্যাস লেখার কাজটি সহজ নয়। যাঁর সঙ্গে কোনো দিন দেখা হয়নি, কেবল তাঁর এবং তাঁর ওপর লেখা পড়ে ও জীবনযাপন সম্পর্কে তথ্য জোগাড় করে কল্পনা থেকে চরিত্রটি রচনা করার মধ্যে উপন্যাসের শিল্প প্রচেষ্টার শক্তি আর ব্যর্থতা দুটিই লুকিয়ে থাকে। পটভূমি আর পরিপার্শ্বকে বিশ্বস্ত করে চরিত্রটিকে রক্তমাংস দেওয়ার প্রচেষ্টায় হাসনাত আবদুল হাই সফলভাবে উতরে গেছেন।
করোনায় নিমজ্জিত ধূসর সময়ে হাসনাত আবদুল হাই লিখেছেন হেমিংওয়ের সঙ্গে উপন্যাসটি। সব্যসাচী লেখক সৈয়দ শামসুল হক আর আনোয়ারা সৈয়দ হকের প্রণয়জীবন এ উপন্যাসের উপজীব্য। জীবনীভিত্তিক উপন্যাসে এ ছিল তাঁর আরেক রকমের প্রচেষ্টা। রবীন্দ্রনাথ ঠাকুরের শেষের কবিতাকে পুনর্নির্মাণ করেছেন দারুণ এক সময়োপযোগিতায়। সবটা মিলে লেখক হিসেবে তাঁর ভাবনা ও শিল্পপ্রয়াস আমাদের সময়কে উজ্জ্বল করেছে।
যেকোনো সৃজনশীল ব্যক্তিই মানুষ ও প্রকৃতিকে ভিন্ন চোখে দেখেন। সৃজনশীল লেখকের শক্তি তাঁর ভাষা ও কল্পনা। এই ব্যক্তিগত রসায়নেই তাঁর ভ্রমণকাহিনি বিচিত্র ও চমৎকার। কী দেখলাম, কী খেলাম, কোথায় রাতযাপন হলো—তাঁর ভ্রমণকাহিনি এসবের মধ্যে সীমিত থাকেনি। ভ্রমণের অভিজ্ঞতাকে তিনি সাহিত্য পদবাচ্য করে তুলেছেন।
সম্প্রতি বেরিয়েছে নদীপথে, সঙ্গে ইউলিসিস নামে হাসনাত আবুল হাইয়ের বিরাট একটি বই। সদরঘাট থেকে নৌভ্রমণে বেরিয়ে ইউলিসিসের সঙ্গে তাঁর ভ্রমণের অভিজ্ঞতা এমনভাবে তিনি মিশিয়ে দিয়েছেন যে পড়ে বিস্মিত হতে হয়। জেমস জয়েসের উপন্যাসের ভ্রমণের সঙ্গে নিজের জীবনভাবনা যে এভাবেও মিশিয়ে দেওয়া যায়, তিনি সেটা করে দেখালেন।
আজ ১৭ মে নিরলস নিরীক্ষাপ্রেমী ও অনুসন্ধানী এই সাহিত্যিকের ৮৬তম জন্মদিন। প্রার্থনা করি, তিনি আনন্দ নিয়ে বেঁচে থাকুন। আজ এবং প্রতিদিন।
মাসউদ আহমাদ, গল্পকার ও ঔপন্যাসিক